ভবন নেই, ভাড়া করা দুটি কক্ষে চলে ইউপির কার্যক্রম
১৮ গ্রাম নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)। লোকসংখ্যা ৪০ হাজারেরও বেশি। প্রতিদিন নানা কাজে এখানকার অধিবাসীদের দ্বারস্থ হতে হয় ইউপি চেয়ারম্যানের। অথচ এই ইউপির নিজস্ব কোনো ভবন নেই। বর্তমানে ইউপির কার্যক্রম চলছে বাজারের একটি বিপণিবিতানের ভাড়া করা দুটি কক্ষে।স্থানীয় লোকজন জানায়, স্থায়ী কার্যালয় না থাকায় এতে জনগণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাম-আদালত চলার সময় সামনে কয়েকজন বসতে পারে। বাকিদের দাঁড়ানোর অবস্থাও থাকে না।ইউপি কার্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজাপুর উচ্চবিদ্যালয়ের পাশে রাজাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়। এরপর আর কোনো সংস্কার না করার ফলে ওই ভবনটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ১৯৮১ সালের দিকে ওই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিন দশক ধরে ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যখন যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন তাঁর পছন্দের স্থানে অস্থায়ী কার্যালয় করে কাজ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে রাজাপুর বাজারের একটি বহুতল বিপণিবিতানের দুটি কক্ষ ভাড়া নিয়ে কার্যক্রম চলছে।এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি নির্বাচনেই এখানে স্থায়ী ইউপি কার্যালয় নির্মাণের দাবি প্রধান হয়ে ওঠে। প্রার্থীরা ভোটের জন্য ওয়াদাও করেন। কিন্তু পরে আর সেই ওয়াদা মনে থাকে না।বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা কার্যালয় না থাকায় জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নের পূর্ব ও পশ্চিম প্রান্তের কিছু লোক নিজ এলাকায় ইউপি কার্যালয় করতে চায়। এদিকে, পরিত্যক্ত ইউপি ভবনের জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। তা ছাড়া সেখানে জমির পরিমাণও কম। তাই এখন মাঝামাঝি স্থানে ইউপি কার্যালয় স্থাপনের জন্য জমি খোঁজা হচ্ছে।’ এ প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান বলেন, ‘অর্থ বরাদ্দ থাকলেও শুধু জমির অভাবেই রাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ করা যাচ্ছে না। কারণ, ইউপি ভবনের জন্য সরকারি নীতি অনুযায়ী ৫০ শতক জমি দরকার। কিন্তু পরিত্যক্ত ভবনের ওই স্থানে ৫০ শতক জমি নেই। তবে ৩৩ শতক জমির ওপর ইউপি ভবন নির্মাণ করা যায় কি না, সে ধরনের একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’