ভবিষ্যতের জন্য ভালো হয়নি
দেশের দীর্ঘদিনের অস্থিতিশীল পরিস্থিতির পর আমরা এই নির্বাচন নিয়ে উৎসাহিত হয়েছিলাম। ভেবেছিলাম সুষ্ঠু ধারায় ফিরবে দেশ। কিন্তু যেভাবে নির্বাচন সম্পন্ন হল তাতে আমরা ক্ষুব্ধ। আমরা এটিকে ভালো চোখে দেখছি না। ভবিষ্যতের জন্যও এটি ভালো হয়নি। আমি নিজেও ভোট দিইনি। ভেবেছিলাম দুপুরে ভোট দেবো। কিন্তু এর আগেই বিএনপি নির্বাচন বর্জন করায় উৎসাহ হারিয়ে ফেলি। যেভাবে নির্বাচন হল তা নিয়ে আমরা অনেক বেশী হতাশ। আমরা এতে হতোদ্যম হয়েছি।
নির্বাচনের আগে আমরা পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম নামের সংগঠনের উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে নব নির্বাচিত মেয়রকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অবহিত করবো। আমরা বিভিন্ন সমস্যাও চিহ্নিত করেছিলাম। এসব বিষয়ে মেয়রকে সহযোগিতা করবো। নিজেরাও সমস্যা নিরসনে সমন্বয় করবো। কিন্তু ‘আমাদের রাজার তো ভুষণ নেই’। প্রপার প্যানেলে যদি নির্বাচন হয়ে যেত তাহলে সহযোগিতা করতে উৎসাহ পেতাম। তবুও চট্টগ্রামের সমস্যা নিয়ে তাঁর কাছে যেতে হলে যাবো। কিন্তু মনের উৎসাহ থাকবে না আর কি।