ভবিষ্যতের নকশা যদি আঁকতেই চাও পেনসিলে আঁকো! : জন বন জোভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন বন জোভি
জন বন জোভি
খ্যাতিমান মার্কিন গায়ক জন বন জোভি। পিপল ম্যাগাজিনের করা সর্বকালের সেরা রকস্টারদের তালিকায় আছে বন জোভি ব্যান্ডের এই মূল গায়কের নাম। গত বছর ২১ মে যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা করেছিলেন তিনি।

কী তথ্য দেব তোমাদের, যা তোমরা ইতিমধ্যে শোনোনি—এই ভেবে হয়রান হচ্ছি। এমন কিছু বলতে চাই, যা তোমাকে মনে করিয়ে দেবে তোমার শিকড়ের কথা, যেটা তোমাকে সামনের দিনগুলোতে পথ চলতে সাহায্য করবে।

১৪ বছর আগে নিউজার্সির এক স্কুলের সমাবর্তনে আমি বক্তৃতা করেছিলাম। গুগল সার্চের জাদুর বদৌলতে আমি ফিরে যেতে পারি সেই মুহূর্তে। যদি দেখতে চাই সেই ২০০১ সালের সমাবর্তনে কী বলেছিলাম, সেটাও সম্ভব।
মনে আছে, কথা শুরু করেছিলাম জীবনের সূচনা থেকে। কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল, হাইস্কুল থেকে কলেজ...। গতকাল সকালের নাশতায় কী খেয়েছ তা তোমরা হয়তো মনে করতে পারবে না, কিন্তু আমি হলফ করে বলতে পারি, বিগত বছরগুলোতে তুমি যে সুন্দর সময় কাটিয়েছ, তার অনেক কিছুই তোমার মনে আছে।
সেই বক্তব্যে বলেছিলাম, তোমরা তোমাদের কর্মক্ষেত্র থেকে শিক্ষা অর্জন করো। আর তোমাদের কর্মক্ষেত্র হচ্ছে তোমাদের স্কুল। নম্র হও, বিনয়ী হও এবং মনে রেখো, এই শিক্ষা অর্জন করতে না পারলে তোমরা তোমাদের পায়ের তলায় মাটি খুঁজে পাবে না।
তুমি হয়তো এখনই চোখ বুজে তোমার ভবিষ্যৎটা দেখতে পাও—ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত সেরা ৫০০ প্রতিষ্ঠানের তালিকার যেকোনো একটিতে কোনার দিকে একটা ঘরে বসে আছ তুমি। বেশ! আমি বলব, ‘চালিয়ে যাও।’ কিন্তু তুমি যদি এখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকো, সেটাও ভুল নয়। সিদ্ধান্ত নিতে না পারলে লজ্জার কিছু নেই।
জীবন হচ্ছে একটা এবড়োখেবড়ো রাস্তা। কিন্তু এটাই তোমাকে একটা রোমাঞ্চকর যাত্রা উপহার দেবে। যেকোনো একটা পথ বেছে নাও। পথ যদি বেঁকে যায়, ক্ষতি কী? তুমিও সেই পথেই এগিয়ে যাও। যদি পথের মাঝে কোনো শাখা পথ দেখতে পাও, সেটাও অনুসরণ করতে পারো। ভবিষ্যতের নকশা যদি আঁকতেই চাও, পেনসিলে আঁকো!
২০০৩ সাল আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তখন আমি একটি পার্শ্ব রাস্তা খুঁজে পেয়েছিলাম, যা আমাকে আজকে এখানে এনেছে।
ওই বছর আমি ফিলাডেলফিয়ার অ্যারেনা ফুটবল দলের সহ-স্বত্বাধিকারী হই। সুতরাং জীবনের অসমান পথ নিয়ে কথা বলো, শিক্ষা গ্রহণ করো, নিরহংকার হও। এরপর ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য অপেক্ষা করো। (সংক্ষেপিত)
ইংরেজি থেকে অনুবাদ : মারুফ ইসলাম
সূত্র: টাইম ম্যাগাজিন