একটি কলমের উৎপাদন ব্যয় দুই টাকা হলেও অনেক হাত বদলে যখন সে কলম দরিদ্র মানুষের কাছে পৌঁছায়, তার মূল্য হয়ে যায় দ্বিগুণ বা তারও বেশি। বাংলাদেশে এখনো অনেক এলাকা আছে, যেখানকার লোকজন খাতা, কলম, পেনসিলের অভাবে সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকেন। এসব কথা যেমন আমরা জানি, তেমনি জানতেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন বন্ধু মামুন, জাহিদ ও ইমন। তাঁরা চিন্তা করছিলেন কী করে এসব শিক্ষা-উপকরণ ন্যূনতম মূল্যে শিক্ষায় আগ্রহী এসব দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া যায়। সেখান থেকেই তাঁরা তৈরি করে ফেললেন তাঁদের নতুন সোশ্যাল বিজনেস প্ল্যান (সামাজিক ব্যবসায় পরিকল্পনা)। আর এই ব্যবসায়িক প্রকল্পটিই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ‘ইয়েস’ (ইয়াং এন্ট্রাপেনার সোসাইটি) ও মুহাম্মদ ইউনূস পরিচালিত ‘ইউনূস সেন্টার’ আয়োজিত ‘সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন ২০১০’-এ বিচারকদের রায়ে ছিনিয়ে নিল প্রথম পুরস্কার। এ তো গেল মাত্র একটি সামাজিক ব্যবসায়িক পরিকল্পনার কথা। এমন ৩২টি পরিকল্পনা নিয়ে ‘সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন-২০১০’-এ অংশ নিয়েছিল দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল। প্রতিটি দলই তৈরি করেছিল একেবারে নতুন ধরনের সামাজিক ব্যবসায় পরিকল্পনা। এসব পরিকল্পনার মূল বিষয় ছিল একেবারে নতুন কিছু ব্যবসায়িক চিন্তার মাধ্যমে দেশের ব্যবসায়িক জগতের আমূল পরিবর্তন ঘটানো। পেছনের কথা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং এন্ট্রাপেনার সোসাইটি’ সংক্ষেপে ‘ইয়েস’ আয়োজন করে সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন ২০১০। ইয়েসের মার্কেটিং ইনচার্জ ফয়সাল জানান, দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল নিয়ে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সোশ্যাল বিজনেস প্ল্যান সম্পর্কিত একটি বিশেষ কর্মশালা তখন হয়েছিল অংশগ্রহণকারী সবগুলো দলকে নিয়ে। নিয়মানুযায়ী অংশগ্রহণকারী দলগুলো তাদের সামাজিক ব্যবসায় পরিকল্পনা তৈরি করে ফেলেছিল বেশ কিছুদিন আগেই। এরপর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চার সদস্যের নিরপেক্ষ বিচারক প্যানেল যাচাই-বাছাই করতে থাকে সেসব পরিকল্পনা। অবশেষে ৩২টি থেকে সেরা পাঁচটি পরিকল্পনা নির্বাচন করতে সক্ষম হন বিচারকেরা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেসব পরিকল্পনা উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয় সংশ্লিষ্ট দলগুলোকে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল: ‘চেঞ্জ উই নিড’ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), প্রথম রানার্সআপ দল: ‘ওডেসিস’ (ব্যাংকিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং দ্বিতীয় রানার্সআপ দল: ‘প্রগতি’ (ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।করতালি প্রশ্নবাণ এবং অন্যান্যঅবশেষে এল সেই চূড়ান্ত দিন। বিচারক ও অডিটরিয়াম ভর্তি দর্শকের সামনে সেরা পাঁচ দল শুরু করল তাদের সামাজিক ব্যবসায় পরিকল্পনা উপস্থাপন। শুরুতেই রুক্ষ উত্তরের সেচ সমস্যা সমাধানের বিকল্প শক্তির ব্যবহারের কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাদমান, প্রিয়াঙ্কা ও সিদরাত। বুড়িগঙ্গার বর্জ্য অপসারণ সেই সঙ্গে তা থেকে বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনার কথা শোনালেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দুই বন্ধু আসিফ ও আরিফ। শজিনার বীজের সাহায্যে পানি শোধনের কথা শোনালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাকিব, আনিকা ও সানজানা। ন্যূনতম মূল্যে দরিদ্র শিশুদের হাতে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার কথা শুনিয়ে দর্শকদের বাহবা কুড়ালেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মামুন, জাহিদ ও ইমন। বাসক পাতা চাষ করে দেশীয় ওষুধ কোম্পানির চাহিদা মেটানো সম্ভব, সেই সঙ্গে সম্ভব কৃষকের উন্নয়ন—এই পরিকল্পনা উপস্থাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের তানভীর, দেবাশীষ ও ইফফাত। এমন সব নতুন ধরনের পরিকল্পনা তুলে ধরেছিল প্রতিযোগী দলগুলো। তাদের উপস্থাপনা শেষ হতেই বিচারকদের কাছ থেকে ছুটে যাচ্ছিল পরিকল্পনাসংশ্লিষ্ট শক্ত শক্ত সব প্রশ্ন। কোনো কোনো প্রশ্নের জবাবে ঠিকভাবে উতরে গেছে, আবার কোনো কোনো দল বিচারকদের প্রশ্নবাণে হয়েছে জর্জরিত। দর্শকদের তুমুল করতালি তো ছিল সেই সঙ্গে। ততক্ষণে উপস্থাপনা শেষ সবগুলো দলের। এবার মঞ্চে এলেন এফবিসিসিআই এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনিসুল হক। তুমুল করতালির মধ্য দিয়ে একঝাঁক তরুণের উদ্দেশে বলে গেলেন তাঁর ভাবনা। ‘তোমরা অনেক বড় হবে। দেশ পেরিয়ে দূর দেশে যাবে শিক্ষা অর্জনে। কিন্তু একটা কথা মনে রাখবে তোমরা, এ দেশ তোমাদের কাছে অনেক কিছু চায়, কাজেই দেশেই ফিরে আসতে হবে তোমাদের। দেশে এসে দেশের জন্য কাজ করতে হবে।’ আনিসুল হকের বক্তব্য শেষ হতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষক এবং ইয়েসের উপদেষ্টা মোহাম্মদ সোহেল মোস্তফা শুরু করলেন বিজয়ী দলগুলোর নাম ঘোষণা। তুমুল করতালির মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আনিসুল হক।শেষ নয় এখানেইকারও মন খারাপ, কারও মন ভালো। এই তো নিয়ম প্রতিযোগিতার, এই তো নিয়ম হার-জিতের। কিন্তু এই নিয়ম যেন সেদিন খাটল না! কারণ, যাঁরা প্রথম হতে পারেননি, তাঁরা কিন্তু জানেন এটা শেষ নয়, শুরু মাত্র। দ্বিতীয় রানার্স আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের আনিকার কথাই হুবহু তুলে দিই—‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক।’ সানজানা সায় দিলেন আনিকার কথায়—‘সবে তো শুরু, সামনে এর চেয়ে ভালো পরিকল্পনা তৈরি করব’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মামুন দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে ফেললেন, ‘এই পরিকল্পনা সফল করবই একদিন।’ আমরাও থাকলাম সেই অপেক্ষায়, যেদিন এসব তরুণ প্রাণ এসব অসাধ্য সাধন করে হাসি ফোটাবে দুঃখী এ দেশের লাখো মানুষের মুখে।