ভবিষ্যৎ উদ্যোক্তাদের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফেয়ারে একটি স্টলে শিক্ষার্থীরা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফেয়ারে একটি স্টলে শিক্ষার্থীরা

নুসরাত খন্দকার ভবিষ্যতে তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। চাকরির বাজারে না ঘুরে তাই তাঁর এখন একটাই পরিকল্পনা—ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করা। অন্যদিকে সাকিব বিন আকতার চাইছেন অন্য কিছু। তাঁর স্বপ্ন নিজের প্রতিষ্ঠান থেকে এমন একটি পণ্য তৈরি হবে, যা আগে কখনোই বাংলাদেশে প্রস্তুত হয়নি। নিজেকে দাঁড় করাতে চান অন্য মাত্রায়। তাঁরা দুজনেই ইস্ট ডেল্টা িবশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ব্যবসায় ভবিষ্যৎ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ‘বিজনেস ফেয়ার’। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে ২২ নভেম্বর স্কুল অব বিজনেস শাখা এই ফেয়ার আয়োজন করা হয়।
এতে তিন শতাধিক শিক্ষার্থী তঁাদের আইডিয়া, পরিকল্পনা ও ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করার নানা উদ্যোগ নিয়ে হাজির হন। পরে সেখান থেকে ছয়টি দলকে বাছাই করে একটি দলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। এতে অংশ নেওয়ার শর্ত হিসেবে শিক্ষার্থীদের জানানো হয়, ঘরে তৈরি কোনো সামগ্রী কিংবা নিজেদের প্রস্তুত করা পণ্য উপস্থাপন করতে।
মেলার স্টলে ছিল শিক্ষার্থীদের তৈরি নানা হস্তশিল্প, কাপড়, ঘর সাজানোর উপকরণ, শোপিস, দেশীয় খাবারসহ নানা সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, মেলা কমিটির আহবায়ক তাবাসসুম চৌধুরী, দুই সদস্য মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও তাসমিয়া আনোয়ার। উপাচার্য স্টল ঘুরে শিক্ষার্থীদের ব্যক্তিগত এসব উদ্যোগের প্রশংসা করেন। জানতে চাইলে তাবাসসুম চৌধুরী বলেন, পড়ালেখা শেষ করে একটি ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে দাঁড় করানো যায়, সেই বিষয়ে ধারণা দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগটি নিয়ে উৎসাহ দেখা গেছে। তঁারা মেলায় নিজেদের আইডিয়া নিয়ে হাজির হয়েছিলেন।