ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের হরতাল চলছে। চলতি মাসে এ নিয়ে তৃতীয় বারের মতো টানা হরতালের কবলে পড়ল দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামবাসীও। রাজনীতি সচেতন মহল মনে করছেন আগামী কয়েক মাসে আরও হরতাল ডাকা হবে। এভাবে টানা হরতালে বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ। এ অবস্থায় আগামী দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা ও শঙ্কার মধ্যে রয়েছেন নগরবাসী। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চট্টগ্রামে এর আগে ১৮ দলের হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে হরতালে জামায়াতে ইসলামীর সহিংস কর্মকাণ্ড দেখে জনমনে শঙ্কা বেড়ে গেছে। ২৫ মার্চ জামায়াতের ডাকা হরতাল চলাকালে নগরের রাহাত্তরপুল এলাকায় একটি ব্যাটারিচালিত টমটমে পেট্রোল ঢেলে আগুন দেয় হরতাল সমর্থকেরা। এতে টমটম চালক মোহাম্মদ মুছার শরীরের বেশির ভাগ পুড়ে যায়। আরও কয়েক জায়গায় যানবাহনে হামলা ও আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। নগরে হরতালে এ ধরনের সহিংসতা আগে তেমন দেখা যায়নি। নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হরতাল আগেও দেখেছি। কিন্তু জীবন্ত মানুষের গায়ে আগুন দেওয়ার কথা আগে শুনিনি।’ এ কোন ধরনের রাজনীতি? এমন প্রশ্ন রেখে শরিফুল বলেন, সহিংসতা আর টানা হরতালে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। এ ব্যাপারে সরকার বা বিরোধী কোনো পক্ষই ভাবছে না। সরকারি মহসীন কলেজের অধ্যাপক ইদ্রিস আলী বলেন, টানা হরতালে শিক্ষাঙ্গন ও ব্যবসাক্ষেত্র ছাড়াও সার্বিক ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরতালকারীদের মনেও আতঙ্ক রয়েছে। এর সুদূরপ্রসারী ফল ভালো হবে না। কাজেই হরতালের বিকল্প কর্মসূচি চিন্তা করা উচিত। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণার পর থেকে দেশজুড়ে সহিংসতা শুরু হয়। এরপর নানা ইস্যুতে চলতি মাসের ৩ থেকে ২৫ মার্চের মধ্যে নয় দিন হরতাল পালন করে ১৮ দলীয় জোট ও জামায়াতে ইসলামী। এ বিষয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার বতর্মানে যে রকম ফ্যাসিস্ট আচরণ করছে তাতে দেশ একদলীয় শাসনের দিকে চলে যাচ্ছে। সরকার ভিন্নমত দমন করছে, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। তাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। বিএনপির হরতালে সহিংসতা হয় না বলে তিনি দাবি করেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, জামায়াত-শিবির বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ৭৫-এর পর তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন তারা বিএনপিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নিয়ন্ত্রণ করছে। এই প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। কেউ চাইলেও বিএনপিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জামায়াতের সঙ্গে আমাদের শুধু নির্বাচনী ও কৌশলগত জোট হয়েছে। এই রকম জোট আওয়ামী লীগও করেছিল।’বিএনপির ডাকা হরতালের বিষয়ে কাজী ইনামুল হক বলেন, বিএনপি এখন পর্যন্ত জাতীয় কোনো ইস্যুতে হরতাল ডাকেনি। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই এখন হরতাল ডাকছে। ভবিষ্যৎ পরাজয়ের গ্লানি ঘোচাতে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেও তিনি রাজি। বিভিন্ন বক্তব্যে তা প্রকাশও করেছেন। আওয়ামী লীগ কোনো ধরনের সংঘাতে বিশ্বাসী নয় দাবি করে কাজী ইনামুল হক বলেন, বিরোধী দল চায় সংঘাতে জড়াতে।