ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমি কলেজে উচ্চমাধ্যমিক পড়ছি। আমার দুটো স্বপ্ন রয়েছে। ক্রিকেটার ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। কিন্তু আমার মা-বাবা আমাকে ক্রিকেটার হতে উৎসাহ দেন না। তাঁদের ধারণা, আমি দুটো একসঙ্গে করতে পারব না। কিন্তু আমার বিশ্বাস, আমি দুটোই করতে পারব। আপনার কী পরামর্শ?রেজওয়ান কবির[email protected] তুমি যদি মনে করো পারবে, তাহলে অবশ্যই পারবে। আজ থেকেই শুরু করে দাও। নিজে থেকে বানিয়ে লিখলে নম্বর পাওয়া যায় না, তাই মুখস্থ করতে হয়। লেখাপড়ার ক্ষেত্রে আমার লক্ষ্য কী হওয়া উচিত? মুখস্থ বিদ্যা নাকি নিজের মেধার বিকাশ? আদিবা ইয়াসমীন[email protected] সর্বনাশ! তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে, তুমি জিজ্ঞেস করেছ, রাতে ঘুমানোর সময় আমি কি এক গ্লাস আলকাতরা খাব, নাকি এক গ্লাস দুধ খাব?নিজে থেকে বানিয়ে লিখলে নম্বর পাওয়া যায় না বলে লিখেছ, কিন্তু তোমাকে যদি এমন একটা প্রশ্ন করা হয়, যার উত্তর কোথাও নেই, তোমাকেই ভেবে বের করতে হবে, তাহলে তুমি কী মুখস্থ করে রাখবে? আমাদের দেশের পরীক্ষাপদ্ধতি আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। আমি বিজনেস স্টাডিজের শিক্ষার্থী। আমার জীবনে কোনো লক্ষ্য নেই। আমার কোনো সাবজেক্ট ভালো লাগে না। আমি কি এ জীবনে কোনো কিছু করতে পারব? প্লিজ, আমাকে একটা পরামর্শ দিন।সাইফুল ইসলাম তুহিন[email protected] ইন্টারেস্টিং! ‘জীবনে কোনো লক্ষ্য থাকবে না’ অন্তত সেটাকেই লক্ষ্য বানাও। তাহলে বুঝতে পারবে ঠিক দিকে এগোচ্ছ কি না।যেহেতু তোমার জীবনে কোনো লক্ষ্য নেই, তাই তোমার ভাষায় ‘জীবনের কোনো কিছু’ ব্যাপারটা কী সেটাও অনুমান করতে পারছি না। পরামর্শ সহজ: ভবিষ্যৎ নিয়ে কোনো একটা কিছু স্বপ্ন দেখতে শুরু করো। আমি এভারেস্টে যেতে চাই। আমার পক্ষে ৫০ লাখ টাকা জোগাড় করা সমস্যা না। সমস্যা হচ্ছে আমার বাবা-মা কিছুতেই যেতে দেবে না। স্যার, আমি কি পালিয়ে এভারেস্টে রওনা হব? মুসা ইব্রাহীম তো গোপনে রওনা দিয়ে রেকর্ড করে ফেললেন। স্যার, আমি কি এ রকম কিছু করলে সমস্যা হবে?কুররাতুল ইসলাম তৃণানাসিরাবাদ, চট্টগ্রাম।আসলে এভারেস্টে যাওয়ার জন্য ৫০ লাখ টাকা সবকিছু নয়, পৃথিবীর অনেক মানুষ বা অনেক প্রতিষ্ঠানেরই ৫০ লাখ টাকা আছে, কিন্তু তাদের সবাই এভারেস্টে যায়নি। এভারেস্টে ওঠার জন্য প্রস্তুতি দরকার, আমাদের দেশে সে রকম মাউন্টেনিয়ারিং ক্লাব তৈরি হয়েছে। সে ধরনের ক্লাবের মেম্বার হয়ে কাজ শুরু করে দাও, যখন সময় হবে তখন দেখা যাবে।পালিয়ে এভারেস্টে রওনা হওয়ার বুদ্ধি একটা কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাসের জন্য চমৎকার বিষয় হতে পারে, কিন্তু বাস্তব জীবনে খুব কাজে আসবে না। এভারেস্টে উঠতে মাস দুয়েক সময় লাগে। তার মধ্যে খবর পেয়ে তোমার আব্বু-আম্মু ক্যাক করে ধরে তোমাকে নামিয়ে আনবেন। তাঁদের শুভকামনা নিয়ে রওনা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমি ভিকারুন নিসা কলেজে সায়েন্সে পড়ছি। আমি চাই যুক্তরাষ্ট্রের কোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করতে। আমি মেয়ে হিসেবে অভিভাবক ছাড়া সেখানে লেখাপড়া করলে কি কোনো সমস্যায় পড়তে পারি? যদি আমি চান্স পাই, তাহলে আমার মা-বাবাকে কীভাবে বোঝাব? সেখানে আমার থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি চাই, সেখান থেকে লেখাপড়া করে এসে দেশের কল্যাণে কাজ করব। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমার প্রত্যাশ্যা, আপনি এ বিষয়ে আমাকে সবচেয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন, কারণ আপনার যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার অভিজ্ঞতা রয়েছে।মাইশা তাহসীন[email protected]অনেক মেয়ে একা একা যুক্তরাষ্ট্রে আন্ডার গ্র্যাজুয়েট পড়ছে। গণিত অলিম্পিয়াডে মেডেল পাওয়া আমাদের নাজিয়াও এ বছর এমআইটিতে পড়তে যাচ্ছে। কাজেই এটা কোনো ইস্যু নয়। ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া, স্কলারশিপ, ভিসা এগুলো হচ্ছে ইস্যু। সেগুলোর জন্য প্রস্তুতি নাও। আমি দশম শ্রেণীতে পড়ছি। আমি একজন বিজ্ঞানী হতে চাই, যেখানে আমি আমার সৃজনশীলতার প্রমাণ রাখতে পারব। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা এমন যে, আমি নিজে থেকে এক লাইনও লিখতে পারি না, সবই মুখস্থ করতে হয়। এ অবস্থায় আমি আমার স্বপ্ন কীভাবে পূরণ করব? মালিয়াত মনজুর [email protected] নিজে থেকে এক লাইনও লিখতে পার না? সর্বনাশ! তাহলে বিজ্ঞানী হবে কেমন করে? বিজ্ঞানীদের প্রথম কাজ হচ্ছে গবেষণা করে নতুন জ্ঞান জন্ম দেওয়া। শুধু মুখস্থ করলে নতুন জ্ঞানের জন্ম হবে কীভাবে?