সংস্কৃতি সংবাদ : থিয়েটার ইনস্টিটিউটে সৈয়দ শামসুল হক
ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে

নাট্যকার ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এ দেশের আপামর জীবনকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন। পৃথিবীর ইতিহাসে এত ত্যাগ, এত মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। লব্ধ অভিজ্ঞতা সত্ত্বেও এত বছর পরে আমরা দেশের ইতিহাসে তার সঠিকতা প্রয়োগ করতে পারিনি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি দেশের সঠিক ইতিহাস। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যেন এই অভিশাপ থেকে মুক্তি পায়, তার দায়িত্ব আমাদের লেখক সমাজের আর সংস্কৃতিকর্মীদের।’
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) লেকচার থিয়েটার হলে ‘আমাদের থিয়েটারে মুক্তিযুদ্ধ এবং আগামী থিয়েটার’ বিষয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সৈয়দ শামসুল হকের সমাজচিন্তা, নাটক দেখা, নাটক লেখা ও নাট্যভাবনার আলোকে তিনি এই বক্তব্য দেন। কেন্দ্রীয় শহীদ মিনার–সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম আয়োজিত এই বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
সৈয়দ শামসুল হক বলেন, ‘বাংলাদেশের থিয়েটার আন্দোলনের প্রসার ও ব্যাপ্তি মহান মুক্তিযুদ্ধের ফসল। স্বাধীনতার আগে আমাদের নাট্যচর্চা পাড়ায় পাড়ায় সীমাবদ্ধ ছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে থিয়েটারে নাট্যচর্চার বিকশিত হয়েছে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আরও অনেক কিছু লেখার আছে, যা আমাদের আগামীর প্রজন্মকে সঠিক পথের সন্ধান দেবে। অনেকগুলো নাট্যমুহূর্ত মুক্তিযুদ্ধের প্রতি স্তরে বিদ্যমান রয়েছে, যা আমাদের খুঁজে বের করতে হবে।’
টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীকাল ১৮ ডিসেম্বর বেলা তিনটায় টিআইসির লেকচার থিয়েটার হলে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ নাট্যবিষয়ক বক্তব্য দেবেন। তিনি ‘প্রতিকূলতার বিরুদ্ধে থিয়েটারের বেঁচে থাকা’ বিষয়ে বক্তব্য দেবেন।