
দৃশ্য: ১
নায়কের মা চিন্তিত মুখে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছেন। অনেকক্ষণ হয়ে গেল নায়ক বাবলুর ঘরে ফেরার কোনো লক্ষণ নেই।
নায়কের মা: ও গো, বাবলুর বাপ, শুনছ!
নায়কের বাবা: বলো, শুনছি।
নায়কের মা: তোমার ছেলে সেই সকালে বের হলো, এখনো ঘরে ফেরেনি। বলি, ছেলেটা যদি আবারও খালি হাতে ফেরে, তবে সমাজে মুখ দেখাতে পারব না কিন্তু! অনেক বড় মুখ করে রহিমা ভাবিকে বলেছিলাম, আমার ছেলে এবার খালি হাতে ফিরবে না।
নায়কের বাবা: বাবলুর মা, শোনো, বেশি আশা কোরো না। আমিও জীবনে বেশ কয়েকবার খালি হাতে ফিরেছি।
নায়কের মা: এমন অলক্ষুনে কথা বোলো না তো, বাবলুর বাপ!
দৃশ্য: ২
দুনিয়া উদ্ধার করেছে এমন হাসি নিয়ে ঘরে ঢুকল নায়ক বাবলু। ঢুকেই সালাম করতে গেল মাকে।
নায়ক: মা, মা, আমি পেরেছি! আমি পেরেছি, মা!
নায়কের মা: থাক বাবা, থাক, সালাম করতে হবে না। আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। আজ তোর দাদা বেঁচে থাকলে কত খুশি হতেন! ও গো বাবলুর বাপ, রহিমা ভাবি, তোমরা দেখে যাও, আমার ছেলে আজ খালি হাতে ফিরে আসেনি! বাবলুর হাতের আঙুলে ভোট দেওয়ার কালি লেগে আছে! আমার বাবলুর ভোট অন্য কেউ দিতে পারেনি! দেখে যাও, তাড়াতাড়ি দেখে যাও!