ভয় নিয়ে বিদ্যালয়ে যায় কেরুনতলীর শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর কেরুনতলী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় চলছে পঞ্চম শ্রেণির খ শাখার পাঠদান প্রথম আলো
মহেশখালীর কেরুনতলী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় চলছে পঞ্চম শ্রেণির খ শাখার পাঠদান প্রথম আলো

শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করছেন আর তখন হঠাৎই খসে পড়ল ছাদের পলেস্তারা। এমন ঘটনা প্রায়ই ঘটে কক্সবাজারের মহেশখালীর কেরুনতলী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের তিনটি ভবনের একটি পরিত্যক্ত, একটি ঝুঁকিপূর্ণ ও অপরটি ভালো অবস্থায় আছে। স্থান সংকুলান না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনের একটি কক্ষে পঞ্চম শ্রেণির পাঠদান করা হয়। ওই শ্রেণির এক শ শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে।
৮ নভেম্বর এই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনের তিনটি কক্ষের একটিতে চলছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। ওই কক্ষের ছাদের কিছু অংশের আস্তর নেই। কক্ষটির দরজা-জানালাও ভাঙা। পঞ্চম শ্রেণির ছাত্র অন্তর দে ও প্রান্ত কুমার দে বলে, ‘শ্রেণিকক্ষে কখন ছাদের পলেস্তারা খসে পড়ে তা নিয়ে সব সময় ভয়ে থাকি। এ বছরের জানুয়ারি মাসে পলেস্তারা খসে চার শিক্ষার্থী আহত হয়। এর পরও ঝুঁকি নিয়ে এই ভবনের আমাদের পড়ানো হচ্ছে।’
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে সাতজন শিক্ষকের জায়গায় আছে চারজন। শিক্ষার্থীর সংখ্যা ৫০৪ জন। এই পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ আছে মাত্র তিনটি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয় একটি বাঁশের বেড়ার ঘরে। এরপর ১৯৮৫ সালে চার কক্ষের একটি টিনের ছাউনি দেওয়া ভবন নির্মাণ করা হয় যেটি ১৯৯৮ সালে পরিত্যক্ত ঘোষিত হয়। ১৯৯৮ ও ২০০৬ সালে বিদ্যালয়ে আরও দুটি ভবন নির্মিত হয়। এর মধ্যে ১৯৯৮ সালে নির্মিত ভবনটি ২০১২ সালে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেটিরই একটি শ্রেণিকক্ষে এখনো চলছে পাঠদান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি নিয়ে পঞ্চম শ্রেণির পাঠদান চালাতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত বলেন, ২০১২ সালে প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে বহুবার যোগাযোগ করেছেন তিনি। কিন্তু কোনো কাজ হয়নি।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস চিরান বলেন, ওই বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে দুটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে নতুন করে ভবন নির্মাণের বিষয়ে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন করা হয়েছে।