ভরত নাট্যমের শুভ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ছিল বেশ নাটকীয়। বলিউডের পর্দা কাঁপানো নায়িকা শ্রীদেবীর নাচ ছোট্ট শুভ্রার মনে দাগ কাটত। মনে মনে বাসনা জাগত, ইশ্! শ্রীদেবীর মতো যদি নাচতে পারতাম। এ ইচ্ছে সত্যি সত্যি একদিন শুভ্রাকে মঞ্চে তুলে দিল। তখন বয়স কত হবে, বড়জোর ছয়-সাত। এভাবেই নাচের সঙ্গে সখ্য। সেই ছোট্ট শুভ্রা এখন পুরোদস্তুর নাচের মানুষ। শাস্ত্রীয় নাচে করে নিয়েছেন পোক্ত স্থান।চট্টগ্রামে ভরতনাট্যমের কথা বললেই যাঁর কথা বলতেই হয়, তিনি শুভ্রা সেন গুপ্তা। গত শুক্রবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে এক আড্ডায় তিনি বলেন, ‘আজকের অবস্থানে পৌঁছাতে আমাকে প্রচুর অনুশীলন করতে হয়েছে। অনুশীলন করতে করতে পা যে কত ফেটে গেছে তার হিসাব নেই। আগে তো প্রায় সময়ই পায়ে ব্যান্ডেজ থাকত। এখন ছেলেমেয়েদের দেখি কোনোমতে একটা নাচ তুলে প্রতিযোগিতায় টিকতে পারলেই হলো, বাবা-মাও সন্তুষ্ট। কিন্তু আমি এ কাজটা কখনোই করতে দিই না। ভিত্তি ছাড়া টিকে থাকা যাবে না। শিল্পী হতে আগে ভিত্তি লাগবে।’শুভ্রা প্রথম তালিম নিয়েছেন প্রাচ্য সংঘ গীতিকা সংঘের অনিল মিত্রের কাছে। এরপর রুনু বিশ্বাস ও শর্মিলী বন্দ্যোপাধ্যায় এবং ঢাকায় শিবলী মোহাম্মদ ও শুক্লা সরকারের কাছেও শেখেন। তাঁরা সবাই শুভ্রাকে অনুপ্রাণিত করেছেন—যেন নাচের ওপরে পড়াশোনা করেন। অবশেষে ১৯৯৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে পড়তে যান গুজরাটের এস ইউনিভার্সিটি অব বরেন্দায়। সেখান থেকে ভরতনাট্যমে ব্যাচেলর অব পারফর্মিং আর্টস (বিপিএ) এবং মাস্টার অব পারফর্মিং আর্টস (এমপিএ) ডিগ্রি নেন। ভারত থেকে আসার পর যোগ দেন শিশু একাডেমীতে নৃত্যকলা বিভাগে শিক্ষক হিসেবে । এর মধ্যেই তিনি প্রতিষ্ঠা করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। শুভ্রার এই নাচের জীবনে স্মরণীয় ঘটনাও কম নয়। এমন অনেক সময় গেছে, নাচের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ চলে যেত, মোম দিয়ে নেচেই অনুষ্ঠান শেষ করেছেন। একটি ঘটনা তাঁর প্রায় সময়ই মনে পড়ে, ‘শিল্পকলায় কর্মশালা করাতে এসেছিলেন জিনাত বরকত উল্লাহ্। আমাকে না পেয়ে সোজা চলে এলেন বাসায়। তখন আমার মেয়ের বয়স মাত্র তিন মাস। উনি বললেন, কিরে, তুই যে এলি না। আমি বললাম আমার মেয়ে তো অনেক ছোট ওকে কে রাখবে? বললেন, আমরা রাখব। তারপর কর্মশালায় অংশ নিলাম।’ এত দূর পর্যন্ত এলেন, পরিবারের সহযোগিতা ছিল? শুভ্রা বলেন, সব সময় পরিবারের সহযোগিতা পেয়েছি। আমি যখন কলকাতায় যাই, তখন আমার মেয়ের বয়স দুই বছর। যখন আসি তখন সে চতুর্থ শ্রেণীতে পড়ে। আমার স্বামী সুজিত দাশ ও শাশুড়ি অনেক সহযোগিতা করেছেন। তা ছাড়া ছোটবেলা থেকেও পরিবারের পরিমণ্ডলটাও ছিল সংস্কৃতিমনা। বড় দুই বোন গান করতেন। সেই সুবাদে আমার নাচের জগৎটা বিস্তৃত হওয়ার সুযোগ পেয়েছে।এখন ব্যস্ততা কী নিয়ে? বললেন, ‘দেশে-বিদেশে মঞ্চে পরিবেশনা এবং তাঁদের বর্তমান প্রযোজনা নৃত্যনাট্য চিত্রাঙ্গদা নিয়ে ব্যস্ত সময় কাটছে। মঞ্চে তো কাজ করছিই, পাশাপাশি আমি কিছু আমার মতো নির্দেশনা দিচ্ছি, যার মাধ্যমে হয়তো আমি টিকে থাকতে পারব। আমার শিক্ষার্থীরা অনেকেই এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে, স্বর্ণপদকও পেয়েছে। আমার কথা হচ্ছে, প্রথমত শুদ্ধভাবে নাচটা করতে হবে।’এবার আসা যাক স্বপ্নপূরণের পথে। আজকের অবস্থানে দাঁড়িয়ে পুরোপুরি সফল? মুচকি হেসে শুভ্রা বলেন, ‘আসলে শেখার কোনো শেষ নেই, আমি এখনো শিখছি। এখনো তৃপ্তির জায়গাটাতে পৌঁছাতে পারিনি। ভরতনাট্যম নিয়েই আরও কাজ করতে চাই। স্বপ্ন দেখি আরও কাজ করার, যেন বুলবুল চৌধুরীদের মতো আমার নামও সবাই মনে রাখে।’