ভরমৌসুমেও লবণ আমদানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদনের ভরমৌসুমেও চট্টগ্রাম বন্দর দিয়ে লবণ আমদানি হচ্ছে। বন্দরের বহির্নোঙরে এখন তিনটি জাহাজ থেকে খালাস হচ্ছে ৭০ হাজার ৪০০ টন লবণ। আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর থেকে বন্দর দিয়ে লবণ আমদানি বেড়েছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের শেষ সপ্তাহে লবণ আমদানি উন্মুক্ত করে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে একটি গণবিজ্ঞপ্তি (নম্বর-৩৬/(২০০৬-২০০৯)/আমদানি, তাং-১৪-১-২০০৯) জারি করা হয়। বর্তমান সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত সংসদীয় কমিটির গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সেই আদেশ বহাল রেখে তিন বছর মেয়াদি আমদানি-রপ্তানি নীতিমালার অনুমোদন দেওয়া হয়।চট্টগ্রাম বন্দর পরিসংখ্যানে দেখা গেছে, আমদানি উন্মুক্ত হওয়ার পর ২০০৯ সালের মে মাস থেকে লবণ আমদানি শুরু হতে থাকে। সে বছর বন্দর দিয়ে লবণ আমদানি হয় দুই লাখ ২১ হাজার ৯৫৬ টন। গত বছর লবণ আমদানি হয় এক লাখ ৭২ হাজার ৬৫২ টন। নতুন বছরের প্রথম মাসে আমদানি হয় ৭০ হাজার ৪০০ টন। অর্থাৎ ২১ মাসে দেশে লবণ এসেছে চার লাখ ৬৫ হাজার টন।জানা গেছে, দেশে লবণ উৎপাদন তদারকি এবং প্রয়োজনে আমদানির দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)। প্রাকৃতিক কারণে লবণ উৎপাদন কম হওয়ার আশঙ্কা থাকলে বিসিক আগে থেকেই হিসাব করে সরকারের কাছে প্রয়োজনীয় পরিমাণ লবণ আমদানির সুপারিশ করে। অতীতে দু-একবার এ রকম সামান্য পরিমাণ লবণ আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরের একাধিক নথি থেকে দেখা গেছে, দেশ স্বাধীনের পর ১৯৮২-৮৩ সালে বন্দর দিয়ে প্রথম লবণ আমদানি হয়। ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত মাত্র তিন বছর লবণ আমদানি হয়নি। তবে অন্যান্য বছরে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ টন পর্যন্ত লবণ আমদানি হয়। ২০০৮-০৯ অর্থবছরে লবণ আমদানি হয় দুই লাখ ৮৯ হাজার ৩৩১ টন। গত ২০ বছরে এত বিপুল পরিমাণ লবণ আমদানি হয়নি বলে বন্দর নথি থেকে জানা গেছে।