ভরসা এখন চট্টগ্রামেই

ছয় বছরের শিশু গিরিধারী গোস্বামী। হূদ্যন্ত্রের ত্রুটি নিয়েই তার জন্ম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘টেট্রালজি অব ফেলোট’, সেই সমস্যায় ভুগতে লাগল সে। প্রচণ্ড শ্বাসকষ্ট। কষ্টে শরীর নীলচে হয়ে যেত তার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটাও প্রকট হচ্ছিল। মা কৃষ্ণা গোস্বামী ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় অস্থির। পেশায় সেবিকা কৃষ্ণার স্বামীরও আয় কম। সামর্থ্য নেই ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর। শেষে শরণাপন্ন হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের চিকিৎসকদের। তাঁরা জটিল অস্ত্রোপচার করলেন। টানা ১৮ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ল গিরিধারী। মুখে হাসি। মায়ের আনন্দটাও দেখার মতো। ঘটনা গত বছরের ডিসেম্বরের।
শুধু গিরিধারী গোস্বামীর নয় আরও অনেককে নতুন জীবন ফিরিয়ে দিচ্ছেন চট্টগ্রামের হূদেরাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যে এনজিওপ্লাস্টি (রিং স্থাপন) ও ওপেন হার্ট অস্ত্রোপচারের জন্য বছর তিনেক আগেও ছুটতে হতো রাজধানী ঢাকায় এখন তা চট্টগ্রামেই হচ্ছে। তাও ঢাকার চেয়ে কম খরচে। আর পোহাতে হচ্ছে না ঝক্কি-ঝামেলাও।
চমেক হাসপাতালে গত বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে হূদেরাগীদের বিশেষায়িত সেবা। চালু হয়েছে স্বতন্ত্র হূদেরাগ অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) বিভাগ। পাঁচতলা বিশিষ্ট ৩৫ হাজার বর্গফুট আয়তনের নতুন ভবনে রোগীদের জন্য রয়েছে ৪৪টি শয্যা। তার মধ্যে ১২টি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) শয্যা। রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ, হার্ট লাং মেশিন, ভেন্টিলেটর, ইন্ট্রা অপারেটিভ ইমেজিং সিস্টেম ও আইসিও মনিটর।
চমেক হাসপাতাল সূত্র জানায়, গত নভেম্বর থেকে এ পর্যন্ত ২৮টি ওপেন হার্ট অস্ত্রোপচার ও সাতটি ক্লোজড হার্ট অস্ত্রোপচার করা হয়েছে। এখানে ওপেন হার্টের জন্য ৩৫ হাজার ও ক্লোজড হার্ট অস্ত্রোপচারের জন্য খরচ পড়ে ১০ হাজার টাকা। এখানে বিদেশি ও ঢাকা থেকে চিকিৎসকের দল এসেও প্রায় সময় সেবা দিচ্ছেন। এ ছাড়া এখানে নিয়মিত এনজিওপ্লাস্টিও হচ্ছে।
২ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অন্য সব ওয়ার্ডের চেয়ে এটি আলাদা। পরিছন্ন পরিবেশ। রোগীর সেবায় সার্বক্ষণিক রয়েছেন চিকিৎসক ও সেবিকারা। অন্যদিকে অস্ত্রোপচার কক্ষে তখন এক রোগীর অস্ত্রোপচার চলছিল। বাইরে অপেক্ষমাণ স্বজনেরা।
কথা হয় ভর্তি হওয়া রোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শারমিন ছবির (২০) সঙ্গে। ফুসফুসের রক্ত সঞ্চালনের সমস্যার কারণে তাঁর হার্টের ওপর চাপ পড়ে শ্বাসকষ্ট হচ্ছিল। অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ। দুই একদিনের মধ্যে হাসপাতাল ছাড়বেন। তিনি বলেন, ‘এ রকম সেবা পাব ভাবিনি। চিকিৎসকেরা খুব আন্তরিক।’
কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এই কার্ডিয়াক বিভাগটি চট্টগ্রামের হূদেরাগীদের সর্বোচ্চ সেবা দিতে পারবে, তাও কম খরচে। সবচেয়ে বড় ব্যাপার এ পর্যন্ত কোনো রোগীর সংক্রমণ হয়নি। কিন্তু এখন বড় সমস্যা জনবল। অনেক সময় অস্ত্রোপচার শেষে আমাদের (সার্জন) সেবিকার (নার্স) কাজও করতে হয়। পর্যাপ্ত জনবল পেলে বছরে ৩০০ রোগীর ওপেন হার্ট সার্জারি করানো সম্ভব হবে।’
নাজমুল হোসাইন জানান, এই বিভাগে এখন কমপক্ষে আরও দুজন জুনিয়র সার্জন, দুজন কার্ডিয়াক অবেদনবিদ (এনেসথেসিস্ট), তিনজন আইসিইউ সেবিকা ও একজন পারফিউশনিস্ট দরকার জরুরি ভিত্তিতে।
এদিকে, বেসরকারি পর্যায়ে হূদেরাগীদের বিশেষায়িত সেবা শুরু হয়েছে ২০১০ সাল থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে এই সেবা চালু হয়। এতে বেসরকারি পর্যায়ে প্রথম জরুরি এনজিওপ্লাস্টি করেন হূদেরাগ বিশেষজ্ঞ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ।
মেট্রোপলিটন হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এখানে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, বাইপাস, জন্মগত ত্রুটি সারানো ও ভাল্ব প্রতিস্থাপন করা হচ্ছে। হাসপাতালটিতে এ পর্যন্ত এনজিওপ্লাস্টি হয়েছে পাঁচ শাতাধিক, বাইপাস ৯০টি এবং হার্টের জন্মগত ত্রুটি সারানো হয়েছে শতাধিক। খরচ পড়ছে এনজিওপ্লাস্টিতে কমপক্ষে এক লাখ ৩০ হাজার টাকা, বাইপাসে দুই লাখ ২০ হাজার ও হার্টের জন্মগত ত্রুটি সারাতে এক লক্ষ ৭৫ হাজার টাকা। শয্যা রয়েছে ২০টি।