ভরসা এখন বাঁশের সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৩০ মিটার প্রস্থের কাটাফাঁড়ি নদী পারাপারে স্থানীয় লোকজনের ভরসা এখন নড়বড়ে বাঁশের সাঁকো। এটি ভেঙে পড়লে তিন উপকূলীয় উপজেলার (পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী) প্রায় দুই লাখ মানুষের যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক কাটাফাঁড়ি নদীর ওপর তৈরি বেইলি সেতুটি পার হতে গিয়ে ধসে পড়ে। এরপর লোক পারাপারের জন্য নদীর ওপর এই বাঁশের সাঁকোটি তৈরি করা হয়।পেকুয়া উপজেলার মগনামা গ্রামের লবণচাষি আবুল কালাম (৫৫) বলেন, এখনো বেইলি সেতু তৈরির লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত লাখ লাখ মণ লবণ, মাছ ও চিংড়ি সরবরাহ করা যাচ্ছে না। নৌকা নিয়ে মালামাল পরিবহনে অতিরিক্ত টাকা ও সময়ের অপচয় হচ্ছে। উজানটিয়ার বাসিন্দা গোলাম মাওলা (৪৫) বলেন, বাঁশের সাঁকো দিয়ে হেঁটে ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো নিরাপদ মনে করছি না। ফলে গত শনিবার থেকে বহু শিক্ষার্থীর বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত বন্ধ রয়েছে। পেকুয়া বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সেতুটি না থাকায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংসদ সাফিয়া খাতুন গত বছর কাটাফাঁড়ির অসমাপ্ত সেতুর নির্মাণকাজ আবার উদ্বোধন করেন। কিন্তু ধীরগতির কারণে সেতুটি এখনো নির্মিত হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ধসে পড়ে। এর পর থেকে গত কয়েক দিন ‘বরইতলী-মগনামা সড়কে’ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেইলি সেতুর পাশে স্থায়ী আরেকটি সেতু তৈরির জন্য সড়ক ও জনপথ বিভাগ ২০০৪ সালে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। ২০০৫ সাল পর্যন্ত সেতুর অর্ধেক নির্মাণকাজ সম্পন্ন হয়। এরপর টানা কয়েক বছর সেতুর কাজ বন্ধ থাকে।এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া শাখার সহকারী প্রকৌশলী আবদুল মতলব বলেন, ‘ধসে পড়া ১৩০ মিটার লম্বা বেইলি সেতুটি তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। ১০-১৫ দিনের মধ্যে সেতুটি আবার সচল করা সম্ভব হবে বলে আশা করছি।’