ভরসা যখন ছড়া, নদী ও কুয়ার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমরে কলসি, মাথায় পাতিল। বহুদূর থেকে সরু পাহাড়ি পথ দিয়ে পানি নিয়ে আসছিলেন চরমতি ত্রিপুরা (২৮)। বাড়ি খাগড়াছড়ির দুর্গম সীমানাপাড়া গ্রামে। জানালেন, পানি নিয়ে আসছেন পাহাড়ের নিচের একটি কুয়া থেকে। গ্রামে নলকূপ আছে কি না জানতে চাইলে ত্রিপুরা ভাষায় তাঁর উত্তর, ‘সিনিয়া’ অর্থাৎ চিনি না।চরমতি চাকমার মতো খাগড়াছড়ির শতাধিক দুর্গম পাহাড়ি গ্রামে বসবাসকারী অনেকেই নলকূপ দেখেননি কখনো। এসব গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র উৎ স পাহাড়ের বুক চিরে নেমে আসা ছড়া বা ঝরনা, কুয়া ও নদীর পানি। সম্প্রতি সরেজমিনে খাগড়াছড়ির কয়েকটি দুর্গম গ্রাম পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখা গেছে। দুর্গম বুদ্ধমাপাড়া গ্রামের কাছে বোয়ালখালী খালের পাড়ে কথা হয় দয়াল ত্রিপুরা ও মনোবালা ত্রিপুরার সঙ্গে। তাঁরা জানান, গ্রামে নলকূপ নেই, এই খালের পানিই পান করেন গ্রামবাসী।বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির বেলতলী গ্রামের নিরঞ্জন চাকমা (৭০) বলেন, ‘নলকূপের নাম শুনেছি, তবে নলকূপের পানি পান করার সুযোগ হয়নি। আমার জন্মলগ্ন থেকেই নদী আর কুয়ার পানি পান করে আসছি।’ নতুনচন্দ্র কার্বারিপাড়ার নিরবালা চাকমা (৬৫) বলেন, ‘অনেক সময় নদীর পানিতে দুর্গন্ধ পাই, তবু উপায়হীন হয়ে এই পানিই আমরা পান করি।’ জারুলছড়ির প্রীতি শোভা চাকমা জানান, এখানকার গ্রামের ভরসা মাইনী নদী। নলকূপ যেহেতু নেই, এই নদীর পানিই পান করেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাইনী নদীর পানি পান করে পানিবাহিত রোগে ১৯৯৮ সালে নাড়াইছড়িতে ৫০ জন ও ২০০৮ সালে ইয়ারিংছড়িতে পাঁচজন আদিবাসীর মৃত্যু ঘটেছিল। ইয়ারিংছড়ির কুদ্দুছ আলী জানান, ‘মাঝে-মধ্যে নদীর পানিতে দুর্গন্ধ পাই, তখন পানি সেচে কোনো রকমে পানি পান করি।’ দুর্গম জাম্বুরাপাড়া ও কবাখালী গ্রামে দুই শতাধিক পরিবারের বসবাস। জাম্বুরাপাড়া গ্রামের বৃদ্ধ পূর্ণ মঙ্গল চাকমা (৭৫) বলেন, ‘আমার জন্ম এখানে। নলকূপের নাম শুনেছি কিন্তু দেখিনি।’কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে বলেন, ‘অনেক জায়গায় মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা যায় না। তবে গভীর নলকূপ স্থাপন করলে বিশুদ্ধ পানির সংকট দূর হবে।’ দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা দুর্গম গ্রামগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে বলেন, ‘এসব গ্রামে আরও অনেক সমস্যা রয়েছে। গ্রামবাসীদের বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।’