ভরসা যখন তৈরি খাবার
ব্যবসায়ী সরওয়ার্দী মিন্টু সুপারস্টোর আগোরায় কেনাকেটা করতে এলে রকমারি ফল ও সবজির কম্বো প্যাক কিনবেনই। দামও বেশি না, প্রতিপ্যাক ৪০ টাকা। আবার তাঁর স্ত্রী চিকিৎসক হালিমা বিথীর পছন্দ কতবেল আর আমড়ার ভর্তা। সঙ্গে ঝালমুড়ি। পছন্দের বাইরেও কেনেন নানা পদের তৈরি খাবার। বাসায় অতিথি এলে যাতে ঝটপট পরিবেশন করা যায়। কারণ দুজনেরই ব্যস্ত জীবন। এ জীবনে ভরসা তাই তৈরি খাবার। স্বাদটাও ভালো। সময়ও বাঁচল। অতিথিকেও সন্তুষ্ট করা সহজ।চাকরিজীবী নাহিদা সুলতানা জানালেন, ‘সারা দিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরে একটু বিশ্রাম নিতে মন চায়। তখন তৈরি খাবারগুলো খুব কাজ দেয়। সেদিন হঠাৎ করেই রাতে বাসায় এসে পড়ল কয়েকজন বন্ধু। ভাগ্যিস ফ্রিজে মেরিনেটেড চিকেন ও বিফ ছিল। সেগুলো দিয়েই চালিয়ে দিয়েছি। তারাও বেশ মজা করে খেয়েছে।’ব্যস্ত নগরজীবনে এখন তৈরি খাবারের প্রতি ঝুঁকছে প্রায় সবাই। আয়োজন করে রান্নাঘরে নানা পদের খাবার তৈরি করার সময় কোথায়? এ নিয়ে দুর্ভাবনারও কিছু নেই। কারণ এখন সব পাওয়া যায় সুপারস্টোরগুলোতে। কিছু খাবার সম্পূর্ণ তৈরি করা। কিনে খাওয়া যায়। আর কিছু আছে ভেজে, সেঁকে বা সামান্য কষিয়ে খেতে হয়। বাসায় এনে ফ্রিজে রেখে দিলে অতিথিদের ঝুট-ঝামেলা ছাড়াই ঝটপট পরিবেশন করা যায়। শুধু যে সুপারস্টোরে এসব খাবার পাওয়া যায়, তা নয়। ইদানীং পাড়ার অলিগলির দোকানেও বিক্রি হচ্ছে এসব। বিশেষ করে, কাঁচা সমুচা, শিঙাড়া, কাটলেট তো পাওয়াই যায়। অবশ্য সুপারস্টোরের আইটেমগুলোই মানে ভালো। নগরের সুপারস্টোরগুলো ঘুরে দেখা গেছে, আগোরায় তৈরি খাবারের পসরা বেশি। এখানে পাওয়া যায় কতবেল ও আমড়ার ভর্তা, জলপাই চাটনি, নানা রকমের সবজি ও ফলের কম্বো প্যাক, মেরিনেটেড মাছ ও মাংস, ঝালমুড়ি, সসেজ (চিকেন ও বিফ), নাগেটস, মিটবল, ফিসবল, কিব্স (বিফ), চিজ অ্যান্ড পটেটো ফিঙ্গারসহ ২৫-৩০ পদের তৈরি খাবার। এ ছাড়া ঋতু অনুযায়ী রকমারি পিঠাও মেলে। আগোরার সহকারী প্রধান আসাদ উল্লাহ বলেন, তৈরি খাবার সবচেয়ে বেশি চলে। কিছু আইটেম আছে যেগুলো দিনে দুবার তুলতে হয়। এর মধ্যে সবজির কম্বো প্যাকটি অন্যতম। গৃহিণীদের বেশি পছন্দ এটি। তিনি বলেন, মান ভালো হওয়ায় সুপারস্টোরের খাবারের প্রতি মানুষের আস্থা বাড়ছে। নগরের অন্য সুপারস্টোর—ওয়েলমার্ট, খুলশী মার্ট, স্বপ্ন, মীনা বাজারেও পাওয়া যায় নানা পদের তৈরি খাবার।ওয়েলমার্ট থেকে পরোটা ও কাটলেট কিনলেন যুক্তরাজ্য প্রবাসী উম্মে হাবিবা। তিনি বলেন, প্রবাসে রেডিমেড ফুডই তো ভরসা। বাংলাদেশে এসেও সব পাচ্ছি। বাচ্চারা তো এসব খাবারে অভ্যস্ত হয়ে গেছে। তাই দেশে এসেও তাদের পছন্দসই খাবারের জন্য এখানে আসতে হয়।ওয়েলমার্টের মহাব্যবস্থাপক হোসেন শহীদ হিলালী বলেন, সময়টা এখন দ্রুত পাল্টাচ্ছে। সেই সঙ্গে পাল্টাচ্ছে মানুষের রুচি। আগে তৈরি খাবার তেমন চলত না। আর এখন এতেই ক্রেতাদের আগ্রহ বেশি।