‘ঝড়-বৃষ্টি তেমন নেই, অথচ চারদিকে থই থই করছে পানি। ’৯১-এর ঘূর্ণিঝড়ের পর এত বেশি পানি আর দেখিনি।’ চান্দগাঁও ঢালিপাড়ার বাসিন্দা আবুল কালাম আকস্মিক জলাবদ্ধতার কারণে এভাবে তাঁর উদ্বেগের কথা জানান।বাকলিয়া ডিসি রোডে জমির উদ্দিনের বাড়ির বয়োবৃদ্ধা সাজেদা বেগম (৬০) ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের রোগী। নিয়মিত খাওয়ার ওষুধ শেষ হয়ে গেছে। বাড়ির চারদিকে থই থই পানির কারণে ওষুধের জন্য কাউকে বাইরে পাঠানো যাচ্ছে না। অবস্থার অবনতি হওয়ায় বাসায় চিকিৎসক এনে দেখানোও যাচ্ছে না। এ অবস্থা চলছে চার দিন ধরে। গতকাল সকালের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিকেলের জোয়ারে আবার প্লাবিত হয় পুরো এলাকা। শুধু আবুল কালাম কিংবা সাজেদা বেগম নয়, বাকলিয়া, চান্দগাঁও, খাজা রোড বহদ্দারহাট, হালিশহর-পতেঙ্গার শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গত তিন-চার দিন ধরে। গত শুক্রবারের পরিস্থিতি ছিল ভয়াবহ। মুরাদপুর, বহদ্দারহাটের মূল সড়কের ওপর ছিল হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি।এলাকাবাসীর অভিযোগ—আগে টানা বৃষ্টিপাতের কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা হতো। এখন হচ্ছে জোয়ারের পানির কারণে। সদ্য সংস্কার করা খাল গড়িয়ে দ্রুত জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। বিশেষ করে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে এটা বেশি হচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপ কিংবা মৌসুমি লঘুচাপের কারণে সাগর উত্তাল হলে পানির প্রবাহ বাড়ে। এ সময় লাগাতার বৃষ্টিপাতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।ডিসি রোড এলাকার মূল সড়কের পাশে ব্যাংক কলোনি এলাকার আবুল কালাম, নুরুল আলম কন্ট্রাক্টর, মো. ইদ্রিসসহ এলাকার লোকজন জানালেন জলাবদ্ধতা থেকে সৃষ্ট নানা বিড়ম্বনার কথা। তাঁরা বলেন, ‘পবিত্র রোজার মাসে মসজিদে গিয়ে নামাজ-কালাম পড়ার সুযোগও নষ্ট হয়ে গেছে। আমরা এখন ঘরবন্দী। জরুরি প্রয়োজনেও বাইরে যেতে পারছি না।’ এলাকা ঘুরে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাকলিয়ার আশপাশের ডিসি রোড, মাস্টারপোল, বৌবাজার, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, খবিবের হাট, চান্দগাঁওয়ের ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এলাকা, ঢালিপাড়া, রিয়াজউদ্দিন উকিলের বাড়ি, ছোট বাকলিয়া, অনন্যা আবাসিক এলাকার খালপাড় ও আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাচ্ছে প্রতিজোয়ারে। নগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়তলী, হালিশহর, পতেঙ্গা এলাকার অনেক এলাকাও একই কারণে প্লাবিত হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল চাক্তাই-খাতুনগঞ্জের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে কটকটে রোদের মধ্যেও। ফলে এই জোয়ারের পানি নগরজীবনে বাড়তি বিড়ম্বনা সৃষ্টি করেছে। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর ড্রেজিং কাজ দ্রুত শেষ না করা পর্যন্ত জোয়ারের এই পানির সমস্যা সমাধানের সম্ভাবনা কম। তিনি বলেন, জোয়ারের পানি আসছে দ্রুত, কিন্তু যেতে দেরি হচ্ছে। এ কারণে কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে সিটি করপোরেশনের কী করার আছে। তবে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধান কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, এই সংকট কাটাতে হলে কিছু কিছু খালের মুখে স্লুইস গেট বানাতে হবে। তিনি স্বীকার করেন, নগরের পানি নিষ্কাশনব্যবস্থারও কিছু ত্রুটি আছে। ধীরে ধীরে এসব ত্রুটি দূর করার চেষ্টা হচ্ছে।