
চলছে টানা অবরোধ। মাঝেমধ্যে হরতালও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে না গাড়ি। এ কারণে পর্যটকশূন্য সীতাকুণ্ডের ইকোপার্ক। তবু হতাশ নন পার্কটির ইজারাগ্রহীতা। পর্যটক আসবেন—এ আশায় পার্ককে দৃষ্টিনন্দন করার কাজ করছেন।
বেশ কয়েক বছর ধরে পার্কের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আবদুল আজিজ বলেন, প্রতিবছর অক্টোবর মাস থেকেই পর্যটকেরা ইকোপার্কে ভিড় করেন। হাজারো পর্যটকের পদচারণে মুখর থাকে পার্ক। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক নেই। তিনি জানান, এ রকম পর্যটকশূন্য ইকোপার্ক তাঁর দায়িত্ব পালনকালে আর দেখেননি। আগে এই সময়ে প্রতিদিন আট হাজার থেকে ১৫ হাজার টাকার টিকিট বিক্রি হতো, সেখানে এখন ১০০ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে। কোনো কোনো দিন একটি টিকিটও বিক্রি হয় না।
জানা যায়, গত সোমবার সারা দিনে টিকিট বিক্রি হয়েছে ১৭০ টাকার। এর আগের দিন বিক্রি হয়েছিল ২৮০ টাকা। গত শুক্রবার বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকা।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পার্কটিতে পর্যটক রয়েছেন মাত্র পাঁচজন। পার্কের ভেতরে কবি কাজী নজরুল স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন দর্শনীয় স্থানে রং লাগানো হচ্ছে। পরিষ্কার করা হচ্ছে আগাছা।
পার্কে ঘুরতে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন, চাকরির জন্য সীতাকুণ্ডে থাকতে হচ্ছে। অবরোধে বেশ কয়েক দিন ধরে ঘরে বসে থেকে সময় কাটছে না, তাই ইকোপার্কে ঘুরতে এসেছি।
পার্কের অন্যতম ইজারাগ্রহীতা কামাল উদ্দীন বলেন, রাজনৈতিক অস্থিরতায় এ বছর প্রচুর টাকা লোকসান গুনতে হবে। পার্কের কর্মকর্তা-কর্মচারী আছেন পাঁচজন। এ ছাড়া মৌসুমে যখন পর্যটক বেড়ে যায়, তখন ১৫ জন পর্যন্ত গাইড হিসেবে কাজ করেন। সব মিলিয়ে বেতন বাবদ বছরে খরচ হয় চার লাখ টাকা। রয়েছে আনুষঙ্গিক খরচ আরও এক লাখ টাকা। এ ছাড়া পার্কের রক্ষণাবেক্ষণে খরচ পড়ে ১৯ লাখ টাকা। পর্যটক না এলে এসব টাকার উঠে আসবে না। অবশ্য তিনি এখনো আশা ছাড়েননি।
কামাল বলেন, ‘আশা করছি, রাজনৈতিক অস্থিরতা অচিরেই কেটে যাবে। আবারও পর্যটক আসবে পার্কে বেড়াতে। তাই পার্কের দর্শনীয় সব স্থাপনা সংস্কার করা হচ্ছে। সাজিয়ে তোলা হচ্ছে নতুনভাবে।’