
আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথ বেড়িবাঁধ সড়ক নদীভাঙনের কবলে পড়েছে। চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রস্থে ১২ ফুট হলেও শঙ্খ নদের ভাঙনে পড়ে কোথাও কোথাও প্রশস্ততা দাঁড়িয়েছে দুই থেকে তিন ফুটে। নদীভাঙন ঠেকানো না গেলে সড়কের একাংশ বিলীন হয়ে যাবে বলে ভরাচর গ্রামের বাসিন্দারা আশঙ্কা করছেন।
সম্প্রতি শঙ্খ নদের তীরবর্তী ভরাচর গ্রামে গিয়ে সড়কের ভাঙনের এই চিত্র চোখে পড়ে। ওই গ্রামের ১০ হাজারের বেশি বাসিন্দার চলাচলের একমাত্র রাস্তা বেড়িবাঁধ সড়ক। সড়কের দুই কিলোমিটারে ইট বিছানো আছে, বাকিটা কাঁচা রাস্তা। সড়কটি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় চড়ে এবং হেঁটে যাতায়াত করতেন ভরাচরের বাসিন্দারা। কিন্তু সড়কের গোদারগোড়া অংশ শঙ্খের ভাঙনে সরু হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন গ্রামের বাসিন্দারা।
বেশ কয়েকজন গ্রামবাসী জানান, ভরাচর গ্রামের লোকজন ওই সড়ক দিয়ে জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের গোদারগোড়ায় গিয়ে গাড়িতে উঠে বটতলী বাজার, উপজেলা সদর ও চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। কিন্তু গোদারগোড়া অংশ ভাঙনের মুখে পড়ায় এখন কোনো গাড়ি চলছে না। সড়কটি নদীগর্ভে বিলীন হলে ভরাচরের মানুষজনকে উপজেলা সদরে যেতে বাড়তি চার-পাঁচ কিলোমিটার হাঁটতে হবে।
স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তাহের বলেন, ‘সড়কটি বন্ধ হয়ে গেলে আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে বটতলী বাজারে যেতে হবে। ফলে যাতায়াতে দুর্ভোগ অনেক বেড়ে যাবে।’
ভরাচরের বাসিন্দা ও গোদারগোড়ার ব্যবসায়ী ছৈয়দ নূর বলেন, ভাঙনের কারণে যেকোনো মুহূর্তে সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত।
এ ব্যাপারে বরুমচড়া ইউনিয়ন পরিষদের সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ভরাচরের জনসাধারণের একমাত্র চলাচলের মাধ্যম বেড়িবাঁধ সড়কটি ভাঙনের মুখে। তাই এটি সংস্কারের দাবি জানাই।’
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভরাচরের সড়কটি জোয়ারে কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, ভরাচরে শঙ্খের ভাঙন সরেজমিন পরিদর্শন করে ভাঙনরোধে পদক্ষেপ নেওয়া হবে।