ভরে যাচ্ছে বাঁকখালী
একসময়ের খরস্রোতা বাঁকখালীর বুকে এখন অসংখ্য ছোট-বড় চর। সবাই বলে এটি এখন মরা নদী। নদীর আশপাশের বাসিন্দারা জানান, বর্ষায় নদীর দুকূল প্লাবিত হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে যাওয়ায় খুব বেকায়দায় পড়েন তাঁরা। বিশেষ করে নদীকে ঘিরে জীবিকা অর্জনকারী কয়েক শ মাঝির এখন বড়ই দুর্দিন যাচ্ছে। অনেকে এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকখালী নদীর উৎপত্তিস্থল মিয়ানমারে। নাইক্ষ্যংছড়ি সীমানা হয়ে নদীটি বাংলাদেশে ঢোকে। এ নদীর উজানে বনাঞ্চল থেকে উপর্যুপরি গাছ কাটার ফলে পাহাড়গুলো বৃক্ষশূন্য হয়ে পড়েছে। সেসব ন্যাড়া পাহাড়ে হচ্ছে জুম ও তামাকচাষ। গাছ না থাকায় সামান্য বৃষ্টিতেই পাহাড় ধোয়া মাটি ঢলের সঙ্গে চলে আসে নদীতে। ফলে দিন দিন নাব্যতা হারাচ্ছে বাঁকখালী নদী। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাঁকখালী নদীতে নৌকা চালাচ্ছেন গর্জনিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার বাসিন্দা মাঝি নূর আহম্মদ (৫৫)। তিনি জানান, গর্জনিয়া থেকে ফকিরা বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথ আসতে বর্ষাকালে দুই ঘণ্টা সময় লাগত। চর জাগায় এখন লাগছে প্রায় ১০ ঘণ্টা। কিছু কিছু স্থানে একেবারেই পানি না থাকায় গন্তব্যে পৌঁছতে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। সারাদিন ঘুরেও ২০০ টাকা আয় করা যায় না। তাই পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। গর্জনিয়া সিকদারপাড়ার মাঝি ছাবের আহম্মদ, ক্যায়াজুর বিলের মোস্তাক আহম্মদ জানান, বর্ষায় মাঝিদের ভালো সময় কাটলেও, নদীর পানি শুকিয়ে যাওয়ায় শুষ্ক মৌসুম তাঁদের জীবনে অভিশপ্ত হয়ে ওঠে। দুশতাধিক মাঝি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে নৌকা ছেড়ে রিকশা চালাচ্ছেন। কেউ কেউ করছেন দিনমজুরি। নদী তীরবর্তী পূর্ব রাজারকূল গ্রামের বাসিন্দা, ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘জীবনে বাঁকখালী নদীকে ঘিরে ভাঙা গড়ার অনেক স্মৃতি আছে। ভাঙনের কবলে পড়ে পূর্ব রাজারকূল বৌদ্ধবিহারটি তিন বার স্থানান্তর করতে হয়েছে। নদীতে বিলীন হয়েছে গ্রামের শতাধিক বসতভিটে। একসময়ের খরস্রোতা বাঁকখালীতে পানি না থাকায় কোনো ঘাটেই এখন নৌকা চলাচল করতে পারে না। তাই বাঁশের সাঁকো দিয়েই নদী পার হন দুকূলের লোকজন।’ এ অবস্থার জন্য তিনি নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষনিধন এবং পরিবেশবিরোধী কাজকে দায়ী করেন। সরেজমিনে দেখা যায়, নাইক্ষ্যংছড়ির বাইশারী লদুখালের মুখ থেকে রামু ছিকলঘাট সেতু পর্যন্ত নদী পথের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। এর মধ্যে মামা-ভাগিনার ঝিরি, পালংখাইয়ের মুখ, ছাগলখাইয়া ক্যাম্প, চিকনছড়ি খালের মুখ, ঘিলাতলী, বড়জামছড়ি, গর্জই খালের মুখ, লেবুছড়ি ছড়ার মুখ, ডাকভাঙা, মইশকুম, মনিরঝিল, হাইটুপী জাদিপাড়া, পূর্ব রাজারকূলসহ বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য চর জেগে উঠেছে। প্রায় ২০০ ফুট প্রস্থের নদীর কোনো কোনো স্থান একেবারে পানিশূন্য। জাদীপাড়ায় দেখা গেছে, নদীর বুকে জেগে ওঠা চরে স্থানীয় লোকজন বীজতলা ও বোরোর আবাদ করেছেন। জাদীপাড়ার কৃষক নবী হোছেন জানান, বাঁকখালীতে পানি শুকিয়ে যাওয়ায় পানিসংকটের আশঙ্কা করছেন কৃষক ও সেচযন্ত্রের মালিকেরা। তাই অনেক বর্গাচাষি এ বছর নদীতে জেগে ওঠা চরে চাষাবাদ করেছে।সেচযন্ত্রের মালিক আব্দুর রহিম ও মংক্য বড়ুয়া জানালেন, নদীতে পানি শুকিয়ে যাওয়ায় যথাসময়ে পানি সরবরাহ করতে পারছেন না তাঁরা। এ জন্য কৃষকদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা লেগেই আছে। স্থানীয় ব্যবসায়ী শামীম আহসান জানান, নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের কামি খালের মুখ থেকে রামুর হাইটুপি পর্যন্ত বাঁকখালীর প্রায় ১০টি স্থানে কুম (নদীর বেশি গভীরতাসম্পন্ন স্থান) ছিল। আজ থেকে পাঁচ বছর আগেও এসব কুমের গভীরতা ছিল ৫০ ফুটেরও বেশি। বর্তমানে একমাত্র বাদইজ্যার কুম ছাড়া আর কোথাও গভীরতা নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, উজানে পাহাড় কাটা এবং বনাঞ্চল থেকে নির্বিচারে গাছ কাটার কারণে মূলত বাঁকখালী নদী ভরে গেছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে এ নদীর খনন করা হচ্ছে না। পুরোটা না হলেও কিছু কিছু স্থানে খননকাজ চালানো দরকার। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, নদীভাঙন রোধে প্রকল্পের কাজ চলছে। তবে খননকাজ করার মতো বরাদ্দ এখন নেই।