ভর্তা-ভাতের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় পেটভরে পোলাও-মাংস তো খাওয়া হলোই। এখন নিশ্চয়ই ভর্তা-ভাতের স্বাদ পেতে মন চাইছে। দেখুন শাহানা পারভীনের দেওয়া কয়েক রকম ভর্তার রেসিপি।বাহারি বেগুনভর্তাউপকরণ: বেগুন বড় ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ১ চা-চামচ, ধনেপাতার কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরষের তেল ২ টেবিল চামচ।প্রণালি: বেগুনের গায়ে তেল মেখে আগুনে পুড়িয়ে নিতে হবে। তারপর পানিতে রেখে খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি, কাঁচা মরিচের কুচি ও বেগুন দিয়ে নাড়তে হবে। মসলা বেগুনের সঙ্গে মিশে গেলে ধনেপাতা ও লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।ডিম-আলুর ভর্তাউপকরণ: সেদ্ধ ডিম ১টি, সেদ্ধ আলু ৪টি মাঝারি, তেলে ভাজা শুকনো মরিচ ২-৩টি, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে গরম ভাতে পরিবেশন করা যায় ডিম-আলু ভর্তা।টাকি মাছের ভর্তাউপকরণ: টাকি মাছ ৪টি বড়, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, ২টি কাঁচা মরিচের কুচি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ।প্রণালি: টাকি মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। রসুনবাটা, হলুদ-মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। কড়াইয়ে তেল দিয়ে তাতে টাকি মাছগুলো লাল করে এবং একটু চেপে চেপে ভালো করে ভাজতে হবে, যেন কোনো পানি না থাকে মাছের মধ্যে। ভাজা হলে মাছের কাঁটা বেছে কাঁচা মরিচ, পেঁয়াজকুচি, ধনেপাতা ও আদাকুচি দিয়ে মেখে পরিবেশন করা যায় মজাদার টাকি মাছের ভর্তা।সরষেবাটায় পটোলের খোসা ভর্তাউপকরণ: পটোলের খোসা ১ কাপ, সরষেবাটা ১ চা-চামচ, রসুন ১ কোয়া ভাজা, শুকনো মরিচ ২-৩টি, পেঁয়াজ-কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ চিংড়ি মাছ ৪-৫টি (ইচ্ছা), লবণ স্বাদমতো।প্রণালি: পটোলের খোসা ছাড়িয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। তারপর সরষে, রসুন, শুকনো মরিচ ও লবণ দিয়ে শিলপাটায় বেটে নিতে হবে। সবশেষে পেঁয়াজকুচি দিয়ে মাখিয়ে পরিবেশন করা যায় পটোলের খোসা ভর্তা।শুঁটকি চিংড়ির ভর্তাউপকরণ: শুঁটকি চিংড়ি মাছ ১ কাপ (তাওয়ায় টেলে ঘরে চিংড়ি শুঁটকি তৈরি করা যায়), নারকেল কোরা ২ টেবিল চামচ, টালা শুকনো মরিচ ২-৩টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: চিংড়ি শুঁটকি ভালো করে ধুয়ে ওপরের সব উপকরণ দিয়ে শিলপাটায় মিহি করে বেটে তৈরি করা যায় সুস্বাদু শুঁটকি চিংড়ির ভর্তা।শারমিন নাহার