ভর্তি ও ফলাফলের তথ্য নিয়ে সিটি কলেজের ওয়েবসাইট
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট (www.gcccstuda.com) চালু করেছে। এতে অনলাইনে ভর্তি, পরীক্ষার মাশুল (ফি) আদায় ও ফলাফলের সব তথ্য পাওয়া যাবে। কলেজ সূত্রে জানা গেছে, এটি কার্যকর হবে সম্মান শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে। অবশ্য ইতিমধ্যে সাইটটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এতে রয়েছে অনলাইন আবেদনপত্র, ফলাফল, ইভেন্ট, ডাউনলোড, গ্যালারি, অ্যালামনি, বিজ্ঞপ্তি প্রভৃতি বিভাগ। এগুলোর কয়েকটিতে তথ্য সংযোজন করা হয়েছে। ওয়েব পেজের ওপরের দিকে রয়েছে সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক। সরকারি সিটি কলেজের এ প্রকল্পটি ১১ নভেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে তৃতীয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে। সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমরা ভর্তিপ্রক্রিয়া, পরীক্ষার ফলাফল, মাশুল প্রদানকে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে এ কাজে নেমেছি। আগামী দিনে গ্রন্থাগারকেও এ পদ্ধতির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এর মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবকের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়া চলছে।’কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও এ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা টিপু সুলতান বলেন, ‘অধ্যক্ষ হরিবল চক্রবর্তীর সার্বিক সহযোগিতায় আমরা এ কাজে হাত দেই রমজান মাসে। সরকারি অর্থ সাহায্যে এটি পরিচালিত হচ্ছে। একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা অনলাইনে কলেজে ভর্তি, শিক্ষার্থীদের পরীক্ষার মাশুল আদায় এবং ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটি ইউনিক আইডির (অপরিবর্তনীয়) মাধ্যমে শিক্ষার্থীরা এসব তথ্য জানতে পারবে। এ ছাড়া এতে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের যাবতীয় তথ্য সন্নিবেশ করা হবে। এতে একনজরে কলেজের সার্বিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে যেমন অধ্যক্ষ মহোদয় অবগত থাকবেন তেমনি অভিভাবকেরাও সহজে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পড়াশোনার সব তথ্য জানতে পারবেন।’ নিজস্ব সার্ভারের মাধ্যমে ইনট্রানেট পদ্ধতিতে পরিচালিত হচ্ছে ওয়েবসাইটটি। বর্তমানে এতে কলেজের উচ্চমাধ্যমিক এবং সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংযোজনের কাজ চলছে বলে জানা গেছে। আগামীদিনে এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল আইডি পদ্ধতি চালুসহ অনলাইন লাইব্রেরি, আইটি রিসোর্স সেন্টার গড়ে তোলা এবং কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান টিপু সুলতান। এ ছাড়া, এ বছরের ১৬ ডিসেম্বর থেকে এ ওয়েবপেজে অভিভাবকদের মন্তব্য দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান তিনি।