ভর্তি চলছে ফেনীর অনুমোদনহীন ৯ কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রকম অনুমোদন ছাড়াই কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ফেনী জেলায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নয়টি নতুন কলেজ ভর্তি কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থী ভর্তির জন্য বহু আগে থেকে শহরে ও গ্রামে নানা ধরনের আকর্ষণীয় ব্যানার, ফেস্টুন লাগিয়ে ও সুধী সমাবেশ করে প্রচারণা শুরু করেছে। বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েক দিনে ফেনী জেলার সাতটি নতুন কলেজ খোলার আবেদনপত্র জমা পড়েছে। এগুলো হচ্ছে ফেনী ভিক্টোরিয়া কলেজ, ফেনী মডেল কলেজ, ফেনী সাউথ এশিয়া কলেজ, ফেনী এশিয়া কলেজ, ফেনী বালিকা বিদ্যানিকেতন ও কলেজ, আলীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দরবেশের হাট পাবলিক কলেজ। এ কলেজগুলোর মধ্যে দুটি স্কুল অ্যান্ড কলেজ ছাড়া বাকিগুলো ভাড়া বাড়িতে গড়ে উঠেছে। বোর্ডের আবেদন ছাড়াও ফেনী মহিলা কলেজ ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নামে আরও দুটি কলেজ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে ব্যানার ঝুলিয়ে দিয়েছে।শিক্ষা বোর্ড থেকে জানা যায়, মফস্বল এলাকায় কলেজ প্রতিষ্ঠার জন্য জমি প্রয়োজন এক একর, শহরে করতে হলে জমি প্রয়োজন ৭৫ শতক এবং সিটি করপোরেশন এলাকায় ৫০ শতক জমি থাকলে কলেজ প্রতিষ্ঠা করা যায়। একই সঙ্গে ৭৫ হাজার জনসংখ্যার জন্য একটি কলেজ থাকার বিধান রয়েছে। কিন্তু যেসব এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, সেখানে কোনো ধরনের শর্ত পূরণ করা হয়নি।সরেজমিনে কলেজগুলোতে গিয়ে দেখা গেছে, আবাসিক ভবন ভাড়া করে কলেজগুলোর সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ১৮ মে থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হলেও এসব কলেজে অনেক আগে থেকেই শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করেছে।জানা যায়, ২০০৯ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত চার বছরে কুমিল্লা অধিভুক্ত ফেনী জেলায় তিনটি কলেজকে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।কুমিল্লা বোর্ডের কলেজ পরিদর্শক ড. নিজামুল করিম প্রথম আলোকে জানান, ফেনী জেলায় বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে ২৫টি কলেজ রয়েছে। এগুলোর ভর্তির কোটাও ঠিক করে দেওয়া হয়েছে। এর বাইরে নতুন করে কলেজ খুলেই শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই।কুমিল্লা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউর রহমান প্রথম আলোকে বলেন, চলতি বছরও ফেনী জেলা থেকে কলেজ খোলার কয়েকটি আবেদন পাওয়া গেছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলেই এসব কলেজের অনুমোদন দেওয়া হবে। তবে অনুমোদনের আগে কোনো কলেজ প্রচারণা ও ভর্তি কার্যক্রম চালালে সেটি হবে সম্পূর্ণ বেআইনি। প্রসঙ্গত, ২০১১ সালে ফেনী সিটি কলেজ বোর্ডের অনুমোদন ছাড়াই প্রায় সাড়ে ছয় শত শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করে। কিন্তু কলেজের অনুমোদন না থাকায় এসব শিক্ষার্থীর অধিকাংশই কুমিল্লার একটি কলেজ থেকে এবং কিছু শিক্ষার্থী ছাগলনাইয়ার একটি কলেজ থেকে রেজিস্ট্রেশন করানো হয়। তারা চলতি বছর কুমিল্লা ও ছাগলনাইয়া গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশগ্রহণ করছে।