ভর্তি পরীক্ষা আজ শুরু, ট্রেনের সময়সূচি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পরিবর্তন আনা হয়েছে শাটল ও ডেমু ট্রেনের সময়সূচিতে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট ও বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিনের দুই বেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নগরের বেশ কয়েকটি কেন্দ্রেও পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা শেষ হবে ৩১ অক্টোবর।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এবার ৪ হাজার ৭৯১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৭৯টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৫২ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য এবং প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আসন তাঁদের প্রবেশপত্রে নির্দেশিত আছে।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় শাটল ও ডেমু ট্রেনের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার সময় নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টা, সাড়ে ৭টা ও সাড়ে ৮টা, দুপুর ১২টা, বেলা ৩টা ও বিকলে ৪টা এবং রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন অভিমুখে সকাল ৭টা ২৫ মিনিট, ৯টা, বেলা ১টা ৫ মিনিট, দেড়টা, বিকেল ৪টা ৫০ মিনিট, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিটে শহরে ফিরে আসবে। এ ছাড়া একজোড়া ডেমু ট্রেন প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ও দুপুর সাড়ে ১২টায় বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বেলা ১১টায় ও বেলা আড়াইটায় ক্যাম্পাস থেকে শহরে ফিরে আসবে।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ১৯ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী সবার সহযোগিতা চান।