যে সিঙাড়ার দাম ছিল তিন টাকা, ভর্তি পরীক্ষার আগে তা এখন ছয় টাকা। পাঁচ টাকার সমুচা ঠেকেছে সাত টাকায়। এক জোড়া কলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। অন্যদিকে প্রতি প্লেট ভাতের দাম বেড়েছে দুই টাকা, প্রতি প্লেট গরু ও মুরগির মাংসের দাম বেড়েছে ১০ টাকার বেশি। এভাবে প্রায় প্রতিটি খাবারের দাম বাড়িয়ে নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়।
একই রকম নৈরাজ্য চলছে পরিবহনব্যবস্থায়ও। বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী মিনিবাস সার্ভিসে (তরী) নগরের বিপণিবিতান থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত তরীর নির্ধারিত ভাড়া ১৫ টাকা। অথচ সেখানে নেওয়া হচ্ছে ৪০-৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া, পথে যাঁরা গাড়িতে উঠছেন তাঁদের কাছ থেকেও প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে সড়কের মূল ফটক পর্যন্ত নির্ধারিত পাঁচ টাকা ভাড়ার জায়গায় ১০ টাকা করে নেওয়া হচ্ছে সিএনজিচালিত অটোরিকশায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ নভেম্বর থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়। ওই দিন থেকেই খাবারের দাম ও গাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, ভর্তি পরীক্ষার সময় খাবারের বেচাকেনা বেশি ও পরিবহনে যাত্রী বেড়ে যাওয়ার সুযোগের অপব্যবহার করে খাবারের দাম ও গাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পাশাপাশি বিপাকে পড়ছেন ক্যাম্পাসে অবস্থানরত ও নিয়মিত যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীফারুক আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হঠাৎ করে দোকানিরা প্রতিটি খাবারের দাম বাড়িয়ে দেওয়ায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়েছেন। অন্যদিকে পরিবহন ভাড়া দ্বিগুণ হওয়ায় ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতকারী শিক্ষার্থীরাও প্রতিদিন ভোগান্তির শিকারহচ্ছেন। খাবারের দাম ও গাড়ি ভাড়া নিয়ে এমন নৈরাজ্যজনক অবস্থা ঠেকানোর জন্য কোনো উদ্যোগ কেউ নিচ্ছেন না।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছোট-বড় ১০০টির মতো খাবারের দোকান রয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র আরও বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান খোলা হয়েছে সম্প্রতি। এসব খাবার দোকানে দাম নিয়ে চলছে নৈরাজ্য। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক ছাত্রাবাসে খাবারের বেহাল দশার কারণে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার জায়গা ছিল ছাত্রাবাসকেন্দ্রিক ক্যানটিনগুলো। কিন্তু সেগুলোতেও খাবারের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশিকমিয়ে দেওয়া হয়েছে খাবারের মান।
নাম প্রকাশ না করে কয়েকজন খাবার দোকানি জানান, ভর্তি পরীক্ষার সময় খাবারের চাহিদা থাকে অনেক বেশি। এতে বেচাকেনা বাড়লেও উপকরণ ও ব্যবস্থাপনা খরচ বেড়ে যায়। তাই এ সময় খাবারের দাম বাড়িয়ে দিতে হয়েছে। ভাড়া বেশি নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তরী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ঝন্টু মিয়া বলেন, ‘কিছু অসাধু লোক সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারছি না।’ এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমরা দোকানি ও তরী মালিক সমিতির সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’