ভর্তি পরীক্ষা বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা শুধু এইচএসসি পাসের বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের প্রচুর লেখা এসেছে স্বপ্ন নিয়ের ই-মেইল ও স্বপ্ন নিয়ের ফেসবুক (fb.com/swapno.nie) ফ্যানপেজে। আজ ছাপা হলো আরও কিছু মতামত।

ক্লাসের অবসরে এক আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী। ছবি: খালেদ সরকার
ক্লাসের অবসরে এক আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী। ছবি: খালেদ সরকার

পক্ষে
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এ রকম নিয়ম করা প্রয়োজন যে যাঁরা প্রথম বছর কোনো না-কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাঁরা দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
হাসান কবির
ঢাকা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছি। কারণ, প্রথমবার যাঁরা পরীক্ষা দেন তাঁরা প্রস্তুতি নেওয়ার সময় পান মাত্র কয়েক মাস। আর যাঁরা দ্বিতীয়বার দেন, তাঁরা সময় পান এক বছর। ফলে তাঁদের মধ্যে একটি অসম প্রতিযোগিতা হয় এবং কোচিং-বাণিজ্য বৃদ্ধি পায়।
শাহলা শাহনাজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আমি এর সঙ্গে একমত। বুয়েটে চালু আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও চালু হলো। অন্য সব বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষার নিয়ম চালু করা হোক।
প্রিয়তোশ রায়
লালমনিরহাট সরকারি কলেজ
সময় আর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাই ভর্তি পরীক্ষা একবারই নেওয়া উচিত। যে পারে সে প্রথমবারেই পারে।
সোহেল তানভীর 

কুষ্টিয়া সরকারি কলেজ

২০১৬ ব্যাচ থেকে কার্যকর করা হলে ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। তাই এ সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর করা উচিত।
এম এস আই খান
ঢাকা কলেজ

বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে, কীভাবে ভর্তি নেবে, এটা তাদের বিষয়। এ নিয়ে আন্দোলনের কী আছে?
নাজমুল হক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
ময়মনসিংহ


বিপক্ষে

আমরা যাঁরা ২০১৪ সালের পরীক্ষার্থী ছিলাম, আমাদের সবার মানসিক প্রস্তুতি ছিল দুবার পরীক্ষা দেওয়ার। তাই এ সিদ্ধান্ত ২০১৫ সালের পরিবর্তে ২০১৬ থেকে কার্যকর করা হোক।
ইমরান তিশা
পুলিশ লাইনস কলেজ রংপুর

এটা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো। হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিল। কারণ হিসেবে তারা আসন শূন্য থাকার কথা বলছে। এটা অন্যভাবেও সমাধান করা যেত।
মিসবাহ উদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়

আমাদের সময়ে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আগের ব্যাচের শিক্ষার্থীরা বেশির ভাগ আসন নিয়ে নিলেন। আর এবার ঘোষণা এল, আমরা আর পরের বার দিতে পারব না। ভর্তি পরীক্ষার আগে সময় পেলাম না। আমাদের দোষটা কোথায়?
স্মিতা সুস্মি
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর

ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটি জনগণের করের টাকা দিয়ে চলে। এখানে খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্ত কারও কাম্য নয়। দ্বিতীয়বার ভর্তির সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করছি।
জয়নাল আবেদিন
জামালপুর

যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সবার দিকটা একটু বিবেচনা করা উচিত। মেধাবী হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী অসুস্থতার কারণে প্রথমবার পরীক্ষায় অংশ নাও নিতে পারে। এই কারণে এই সিদ্ধান্তটা বদল করা উচিত।
অপূর্ব চৌধুরী
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর

হঠাৎ করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। তাই আমার অনুরোধ, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আরও একবার অব্যাহত রাখা হোক।
অমিত সরকার
নেত্রকোনা সরকারি কলেজ