উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এসেছিলেন দল বেঁধে। কারও আগ্রহের বিষয় ছিল ইংরেজি সাহিত্য। কারও কম্পিউটার সায়েন্স। কেউ বা আবার ভর্তি হতে চান বিবিএতে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) ভর্তি মেলার চিত্র ছিল এমনই। গত শনিবার নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার।
অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে এই ধরনের মেলা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়েদের ভালো বিষয় নিয়ে পড়ার পথ আরও সহজ করে দিচ্ছে। একজন শিক্ষার্থী এক ছাতার নিচে শিক্ষার সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, এখন অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও উচ্চশিক্ষা নিয়ে অনেক সচেতন। চট্টগ্রামে ভালো মানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে তঁারা আগ্রহী।
ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘ভর্তি মেলায় কেবল ভর্তি তথ্য নয়, এই ধরনের প্রোগ্রামে আমরা বিভিন্ন ক্লাব সংগঠনের কার্যক্রম, দেশে ও বিদেশের মাটিতে শিক্ষার্থীদের একাধিক সাফল্যের তথ্যও তুলে ধরার চেষ্টা করেছি।’
অনুষ্ঠানে ইডিইউর ট্রেজারার শামস উদ দোহা ছাড়াও পরিচালক শাফায়েত চৌধুরী, অ্যাসোসিয়েট িডন মোহাম্মদ নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া উপস্থিত ছিলেন।
মেলায় উচ্চশিক্ষা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর ছাড়াও ছিল তাৎক্ষণিক ভর্তি, বৃত্তির সুবিধা, ক্যাম্পাস জব, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস টু্যরসহ নানা বিষয়।
এ প্রসঙ্গে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রশাসনিক শাখার উদ্যোগ ও ফ্যাকাল্টির নেতৃত্বে চমৎকার মেলার আয়োজন করা হয়েছে, যেখানে অভিভাবকদের প্রচুর অনুরোধ ছিল। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সহযোগিতা করেছেন।