মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার (২০০৯) প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা ৩০ জুলাই ‘স্বপ্ন নিয়ে’র আমন্ত্রণে প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন। তাঁদের কাছে ভর্তিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন এবারের উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। তাঁদের কথোপকথনের নির্বাচিত অংশ জানাচ্ছেন ফিরোজ জামান চৌধুরী২০০৯-এর ভর্তি পরীক্ষার সেরারা অনীক সাহা (বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম) জুয়েল মহাজন (বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয়) আবু নাহিদ (মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম) ফেরদৌস আহমেদ (মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়) তাসনুভা শারমিন (ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম) আবদুল আজিজ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট ভর্তি পরীক্ষায় দ্বিতীয়) আবদুল আলীম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম) সেলিমুল কাদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষায় দ্বিতীয়) নাজিয়া কবীর (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম)প্রশ্ন: সপ্তাহ দুয়েক হলো আমাদের রেজাল্ট হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। আমি মেডিকেলে পড়তে ইচ্ছুক। ভর্তি পরীক্ষায় কীভাবে ভালো করতে পারি? মুখস্থবিদ্যাটা এখানে কতটুকু কাজে লাগবে?আবু নাহিদ: প্রথমেই বইপোকাদের বলি। একমাত্র মেডিকেলের ক্ষেত্রটিতে তোমাদের জন্য খুব সুবিধা। মুখস্থ বিদ্যাটা ভর্তি পরীক্ষায়ও বেশ কাজে দেবে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। পদার্থ ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১০। মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। তবে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হচ্ছো, তাদের জন্য আবার সাধারণ জ্ঞান খুবই জরুরি। পদার্থবিজ্ঞান বুঝে বুঝে পড়বে। রসায়নও তাই। বাকিগুলো মুখস্থ করতে পারো। জীববিজ্ঞানের কিছুই বাদ দেওয়া যাবে না। সবটা ধারাবাহিকভাবে বারবার পড়তে হবে। ফেরদৌস আহমেদ: নাহিদের সঙ্গে আমিও একমত। আমার ক্ষেত্রে যেটা করেছি, সব সময় আগে বুঝে নিয়েছি, তারপর মুখস্থ করেছি। তাহলে কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ থাকবে না। তোমাদের জন্য বলব, জীববিজ্ঞানটা ভালোভাবে বারবার পড়ো। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। রসায়ন, পদার্থবিজ্ঞান তো গুরুত্ব দিতেই হবে, এর বাইরে ইংরেজি নিয়েও হেলাফেলা করা ঠিক হবে না।প্রশ্ন: গণিতের ক্ষেত্রে কোন বইগুলো পড়ব?আবু নাহিদ: সব বইয়ের উদাহরণগুলো দেখবে। সূত্রের ধারণাগুলো মনে রাখতে হবে। সূত্র মনে রেখে অনেক বেশি চর্চা করতে হবে বইয়ের উদাহরণগুলোর। প্রশ্ন: আমি বুয়েটের জন্য প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার আগের রাতে কোন কোন বিষয়ে গুরুত্ব দেব?অনীক সাহা: ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষার আগের রাত’ বলতে কিছু নেই। অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়তে হবে। এত দিন যা পড়ে এসেছ তাও বারবার পড়ে ঝালাই করে নাও। জুয়েল মহাজন: অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার আগের রাতে হালকা চোখ বুলিয়ে যেতে পারো। তবে সেটা যেন সারা রাত জেগে না হয়। বরং পরীক্ষার আগের রাতটা ঠিকমতো ঘুমিয়ে সকালে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যেতে হবে। প্রশ্ন: আমরা অনেকেই বুয়েটের জন্য প্রস্তুত হচ্ছি। দেখা গেল আমরা চান্স পেলাম না। তখন কী করব?অনীক সাহা: এ ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। কী হবে তা ভেবে দুশ্চিন্তা না করে নিজের ঘাটতিগুলো দূর করতে চেষ্টা করো। পড়ালেখাটা ঠিকমতো চালিয়ে যাও। দেখবে ঠিকই বুয়েটে চান্স পেয়েছো। আর যদি কোনো কারণে চান্স না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভালো ভালো বিষয় আছে, সেগুলো পড়তে পারবে। মোট কথা নিজেকে তৈরি করো। আগামী কয়েক মাস সময়টা একদিনও নষ্ট করা ঠিক হবে না। প্রশ্ন: এইএসসিতে সব অধ্যায় পড়ার প্রয়োজন হয় না। যেগুলো সিলেবাসে আছে সেগুলোই আমরা পড়েছি। এ প্লাসও পেয়েছি। পদার্থ ও রসায়নে কিছু অধ্যায়ে আমার জ্ঞান ভাসা ভাসা। আমার কী করা উচিত?জুয়েল মহাজন: ভাসা ভাসা জ্ঞান দিয়ে ভর্তিযুদ্ধে বিজয়ী হওয়া যাবে না। তাহলে ইঞ্জিনিয়ার বা ডাক্তার কোনোটাই তুমি হতে পারবে না। এ ক্ষেত্রে আমার কথা হচ্ছে, হাতে সময় তো অনেক আছে। তুমি যদি বুঝতেই পারো, কিছু জায়গায় তোমার অস্পষ্টতা আছে, তাহলে বসে আছো কেন? নতুন করে শুরু করে দাও।আবু নাহিদ: আমারও ধারণা তাই, কোনোভাবেই ভাসা ভাসা জ্ঞান নিয়ে হবে না। বুঝে পড়তে হবে। বুঝে পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে। আমি বলব, কখনোই না বুঝে মুখস্থ করো না। আত্মবিশ্বাস রাখো, এখনো অনেক সময় আছে।প্রশ্ন: বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়—এই তিনটির প্রস্তুতি কি একসঙ্গে নেওয়া সম্ভব?আবু নাহিদ: আমার ব্যক্তিগত মত হচ্ছে, মেডিকেল আর বুয়েট দুটির ভর্তির প্রস্তুতি একসঙ্গে নেওয়া সম্ভব নয়। কারণ দুটির ভর্তির পদ্ধতি সম্পূর্ণ দুই রকম। নিজের লক্ষ্যটা আগে ঠিক করতে হবে, আমি কোনটি চাই।অনীক সাহা: আমি এখানে নাহিদের সঙ্গে ভিন্নমত পোষণ করি। আমি মনে করি সম্ভব। বেসিক ঠিক থাকলে অবশ্যই সম্ভব। প্রশ্ন আলাদা হতে পারে। তাই বলে বিষয় তো আর বদলে যাচ্ছে না।আবু নাহিদ: তা ঠিক, বেশি মেধাবী হলে সম্ভব হতে পারে। যদি এসএসসি ও এইচএসসিতে যদি সব বিষয় ভালোভাবে পড়া থাকে তাহলে সম্ভব।অনীক সাহা: এটা ‘বেশি মেধাবী’র ব্যাপার না। ঠিকভাবে পরিশ্রম করলে অবশ্যই সম্ভব। জুয়েল মহাজন: আমি এখানে ভর্তি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই, বুয়েটে চারটি ভুলের জন্য একটি সঠিক উত্তর কাটা যায়। তাই কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না। এ বিষয়টিও খেয়াল রাখতে হবে। আন্দাজ করে অনুমাননির্ভর কিছু লেখা যাবে না। প্রয়োজনে কয়েকটা প্রশ্ন ছেড়ে আসো, তাতে ক্ষতি নেই। কিন্তু কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না।প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার প্রশ্ন। আমি বাণিজ্য বিভাগ থেকে পাস করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে হলে কোন বিষয়কে অগ্রাধিকার দেব?তাসনুভা শারমিন: সব বিষয়কেই গুরুত্ব দিতে হবে। ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পাওয়াই আসল কথা। এখানে নম্বরের তো কোনো রং নেই। তুমি যত সঠিক উত্তর করতে পারবে, তত বেশি নম্বর পাবে। আমি ব্যাকরণগুলো বেশি করে চর্চা করতে বলব। সেলফ টেস্ট দিয়ে বারবার যাচাই করতে হবে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ইংরেজি প্রশ্ন কেমন হয়? আবদুল আজিজ: প্রশ্ন কেমন হবে তা কী করে বলি। পুরোনো বছরের প্রশ্নগুলো দেখো, তাহলেই আন্দাজ করতে পারবে। তবে আমি যেটা দেখেছি, ‘গ’ ইউনিটের ইংরেজির প্রশ্ন বেশ কঠিন হয়। তাই ইংরেজির প্রস্তুতিতে কিছুটা বাড়তি সময় দেওয়াই ভালো।প্রশ্ন: আমরা যারা কলা থেকে পাস করেছি, তাদের জন্য বরাদ্দ খ ইউনিট। খ ইউনিটের প্রস্তুতি কেমন হওয়া উচিত?আবদুল আলীম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট এক বিশাল ব্যাপার। এখানে তিনটা অনুষদ মিলে একটা ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হয় এখানে। খ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভর্তি হয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে। যেকোনো ভালো বিষয়ে সুযোগ পেতে হলে তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে ভালো নম্বর পেতে হবে। তাই বলব, ইংরেজি বিষয়ে একটু বেশি জোর দাও।প্রশ্ন: ভর্তি পরীক্ষায় ইংরেজির প্রস্তুতি কীভাবে নেব? সেলিমুল কাদের: কোনো নির্দিষ্ট সূত্র তো ভর্তি পরীক্ষায় চলে না। প্রথমত, পাঠ্যবই এবং গ্রামার বই পড়ো। ভর্তি পরীক্ষার আগে গ্রামার-সম্পর্কিত সব ঘাটতি দূর করতে হবে, তাহলে উত্তর করা সহজ হবে। পরীক্ষার হলেও ইংরেজি গ্রামারের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করবে।প্রশ্ন: খ ইউনিটের জন্য আর কোন কোন দিকে খেয়াল রাখব? আবদুল আলীম: ‘খ’ ইউনিটের ক্ষেত্রে ইংরেজি ছাড়াও বাংলা ও সাধারণ জ্ঞান ভালোভাবে পড়তে হবে। বাংলা বই পড়তে হবে মন দিয়ে। সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত খবর দেখা ও সংবাদপত্র পড়া উচিত।প্রশ্ন: ‘খ’ ইউনিটের জন্য কোন বিষয়টা আগে উত্তর করব? সেলিমুল কাদের: এটা ব্যক্তিগত ব্যাপার। যে যেটা ভালো পারে সে সেটা দেবে। তবে আমি মনে করি, বাংলার উত্তরগুলো আগে দেওয়া উচিত। তারপর অন্যগুলো।প্রশ্ন: ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে চান্স পাওয়া যাবে?আবুদল আলীম: এ ক্ষেত্রে অনুমান করা ঠিক হবে না। একেক বছরে একেক রকম হয়। নিজের সর্বোচ্চটা পরীক্ষার হলে দিয়ে আসতে হবে। না জেনে আন্দাজে উত্তর দেওয়া ঠিক হবে না। কারণ, ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়, তাই না পারলেও ভুল উত্তর দেওয়া যাবে না।প্রশ্ন: ‘ঘ’ ইউনিটে ভালো বিষয় কীভাবে পেতে পারি?নাজিয়া কবীর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। আমি যেমন বিজ্ঞান থেকে সামাজিক বিজ্ঞান অনুুষদে এসেছি। ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ছি। বিজ্ঞান, বাণিজ্য ও কলা—এখানে তিনটি মেধা তালিকা হয়। ঘ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান—এ তিনটি বিষয়ে পরীক্ষা হয়। তাই এখানে সাধারণ জ্ঞানের গুরুত্ব খুবই বেশি। নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া উচিত। তাতে ইংরেজির ওপর দখল এবং সাধারণ জ্ঞান সবটাই চর্চা হবে। পাশাপাশি পাঠ্য বাংলা বই এবং ব্যাকরণের খুঁটিনাটির দিকে নজর দিতে হবে।প্রশ্ন: ভর্তি পরীক্ষায় ভালো করতে কত ঘণ্টা করে পড়া উচিত? তাসনুভা শারমিন: আসলে কত ঘণ্টা পড়তে হবে সেটা তোমার নিজের ওপর নির্ভর করে। কেউ অল্প পড়ে মনে রাখতে পারলে বেশি সময় পড়ার দরকার দেখি না। তবে পড়ার জন্য সাপ্তাহিক একটা ছক করে নিয়মিত পড়তে হবে।আবদুল আজিজ: অনেকেই প্রশ্ন করে, আপনি ভর্তির আগে কত ঘণ্টা পড়তেন? দৈনিক ১৬ ঘণ্টা পড়লে হবে কি না? আমি সবাইকেই বলি, যতটুকু সময় পড়বে মন দিয়ে পড়বে। অন্য সময়টা ঘোরাঘুরি করো, খেলো, টিভি দেখো। কোনো সমস্যা নেই। তবে পড়াটা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনই পড়তে হবে। পড়তে ইচ্ছা করলেই পড়তে হবে। পড়তে যখন ভালো লাগবে না, তখন বিশ্রাম নেওয়াই ভালো।সেলিমুল কাদের: ভর্তির আগে কত ঘণ্টা পড়তে হবে, এ নিয়ে চিন্তা না করে বরং সময়ের অপচয়টা কমিয়ে দিতে হবে।নাজিয়া কবীর: আমার মনে হয়, নিয়মিত আট ঘণ্টা পড়া উচিত।প্রশ্ন: কোচিং করব নাকি বাসায় নিজে নিজেই পড়ব? ফেরদৌস আহমেদ: মেডিকেলের ক্ষেত্রে কোচিংটা আসলে তেমন কাজের না। বইগুলো ভালোভাবে পড়তে হবে আগে। তারপর কোচিং। আবদুল আজিজ: কোচিংটা আসলে নিজেকে মূল্যায়নের জায়গা। বাসায় পড়াটা তৈরি করে কোচিংয়ে এসে টেস্ট পরীক্ষা দেওয়া যেতে পারে।নাজিয়া কবীর: কোচিংয়ে খুব একটা সময় ব্যয় হয় না। তা ছাড়া ওখানে গেলে একটি সংক্ষিপ্ত গাইডলাইনও পাওয়া যায়। তবে নিজেকে তৈরি করতে হবে নিজের উদ্যোগেই। জুয়েল মহাজন: কোচিং তো আর তোমাকে মুখস্থ করিয়ে দেবে না। ধারণাটি দেবে। মুখস্থ এবং আত্মস্থ করার কাজটি নিজেকেই করতে হবে।প্রশ্ন: কতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত?তাসনুভা শারমিন: পছন্দের দুটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়াই যথেষ্ট। লক্ষ্য ঠিক থাকলে এবং ঠিকভাবে প্রস্তুতি নিলে আমার মনে হয় তা পূরণ হবেই। অনেক জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে সময় নষ্ট করার মানে হয় না।আবদুল আজিজ: এ ক্ষেত্রে আমার অন্য মত। আমি মনে করি, পরীক্ষা দিলেই মেধা যাচাই হয়। কোচিং সেন্টারের চেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত। যেকোনো জাতীয় প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার গুরুত্বই আলাদা। একটা খারাপ করলেও বিকল্প থাকে।প্রশ্ন: পরীক্ষার হলের জন্য কোনো পরামর্শ দেবেন?তাসনুভা শারমিন: এ ক্ষেত্রে আমার এক কথা, পরীক্ষা হলে ‘স্বার্থপর’ হতে হবে। কারও কথায় কান দেওয়া চলবে না। পাশ থেকে কেউ কথা বললেও উত্তর নেওয়া যাবে না। কারণ ৬০ মিনিটের পরীক্ষায় প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। এক নম্বরের জন্য তোমার সিরিয়াল ১০০ পিছিয়ে যেতে পারে।প্রশ্ন: ভর্তি পরীক্ষার এক ঘণ্টা সময় কীভাবে কাজে লাগবে? জুয়েল মহাজন: পরীক্ষার হলে অবশ্যই প্রশ্ন পেয়ে সেটা ভালোভাবে দেখে নিতে হবে। তারপর সহজ ও যে বিষয়টি ভালো পার, সেটি আগে উত্তর করবে। পরে বাকিগুলো। এটা বুয়েট মেডিকেল, বিশ্ববিদ্যালয় সব ভর্তি পরীক্ষার জন্যই সত্য। তাসনুভা শারমিন: উত্তর দেওয়ার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম, রোল, সেট কোড ঠিকমতো পূরণ করা। এটা ভুল হলে সব শেষ। তাই এ বিষয়ে খুব সাবধান!