ভাইবোনের খুনসুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন আনন্দে মেতে থাকুক সব ভাইবোন। মডেল: আদিব ও সুমেহারা। ছবি: সুমন ইউসুফ
এমন আনন্দে মেতে থাকুক সব ভাইবোন। মডেল: আদিব ও সুমেহারা। ছবি: সুমন ইউসুফ

ভাইবোন মানেই খুনসুটি, পরস্পরকে খোঁচানো, খ্যাপানো, খেলনা নষ্ট করা, এ নিয়ে বাবা-মায়ের কাছে একে অন্যের প্রতি নালিশ, ঝগড়া আবার পরক্ষণেই মিল হয়ে যাওয়া। ছোটবেলায় ভাইবোনের মধ্যে যতটা মিলমিশ থাকে, বড় হতে হতে সেটা কমে যেতে থাকে। কিন্তু দূরত্ব না বাড়িয়ে যদি এমন মমতামাখা সম্পর্ক থাকে, তাহলে তা নিজেদের জন্যই ভালো। এটি মানসিক গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। অনেক সময় মা-বাবা ভাইবোনের খুনসুটির মধ্যে বাধা তৈরি করেন, যা ঠিক নয়। জীবনে যেকোনো বিপদে-আপদে—প্রয়োজনে ভাইবোনের বাড়িয়ে দেওয়া সুনিশ্চিত হাত এক বিশাল ভরসা।

ভাইবোনের সম্পর্ক মধুর থেকে শুরু করে তিক্ত, বিদ্বেষপূর্ণ, এমনকি খুব দূরত্বপূর্ণও হতে পারে। তবে মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া, রাগ, অভিমান পরস্পরের প্রতি অধিকারবোধ বা আবেগেরই বহিঃপ্রকাশ। খুনসুটি সম্পর্কের মধ্যে একধরনের মসলা যোগ করে সম্পর্ককে করে তোলে আরও নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। মনে রাখা প্রয়োজন, এসবের কিছু ভালো দিকও রয়েছে। যেমন নিজেদের মধ্যে ছোটখাটো সাধারণ সমস্যা মোকাবিলা করে পরস্পরকে বুঝতে ও মানিয়ে নিতে সাহায্য করে। শুধু খেয়াল রাখা প্রয়োজন, এসব ঝগড়া যেন কোনো সীমা লঙ্ঘন না করে, পরস্পরের প্রতি অবিশ্বাস তৈরি না হয় বা কেউ কাউকে হেয় না করে, অহেতুক দূরত্ব তৈরি না হয়।

.
.

কোন ক্ষেত্রে ভাইবোনদের সম্পর্ক শীতল বা তিক্ত হয়
* যদি বাবার সম্পর্কের আচরণ সন্তানের প্রতি বৈষম্যমূলক হয়।
* বাবা-মা যদি সন্তানদের মধ্যে সব সময় তুলনা করেন।
* বাবা-মায়ের আচরণ কারও প্রতি যদি দৃশ্যনীয়ভাবে পক্ষপাতদুষ্ট হয় (অতিরিক্ত সুযোগ দেওয়া, প্রশংসা করা ইত্যাদি)।
* ভাইবোনের ঝগড়ায় যদি ক্রমাগত একজনেরই পক্ষাবলম্বন করা হয়।

ভাইবোনের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরিতে বাবার-মায়ের ভূমিকা
যদিও বাবা-মা তাঁদের সব সন্তানকে একই রকম ভালোবাসেন। কিন্তু সন্তানদের প্রতি তাঁদের আচরণ কারও প্রতি পক্ষপাতদুষ্ট মনে হতে পারে। যেমন কাউকে বেশি প্রশংসা, বেশি আদর, বাড়তি যত্ন, তুলনা ইত্যাদি।

বাবা-মায়ের অনিচ্ছাকৃত এসব আচরণে সন্তানদের মধ্যে গভীর হীনম্মন্যতাবোধ জন্ম নিতে পারে, যা থেকে বেশি সুবিধাপ্রাপ্ত সন্তানদের প্রতি অহেতুক ঈর্ষাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ করে তুলতে পারে।

সুতরাং সন্তানের বয়স, সবচেয়ে প্রথম বা শেষ সন্তান, ছেলেমেয়ে, পড়ালেখায় বেশি পারদর্শিতা, বাধ্য-অবাধ্যতা ইত্যাদি কোনো বিবেচনাতেই পক্ষপাতমূলক আচরণ করবেন না।

খেলতে গিয়ে ঝগড়া হলে মা–বাবার পক্ষপাত না করাই ভালো
খেলতে গিয়ে ঝগড়া হলে মা–বাবার পক্ষপাত না করাই ভালো

* প্রত্যেক সন্তানকে সমান সুযোগ দিন এবং সমান যত্ন করুন।
* কোনো অবস্থাতেই এক সন্তানের সামনে অন্য সন্তানের প্রতি বেশি আদর দেখানো বা অতিরিক্ত প্রশংসা থেকে বিরত থাকুন।
* এক সন্তানের সামনে অন্য সন্তানের সমালোচনা বা তুলনা করবেন না।
* কোনো কারণে একজনের প্রতি বেশি মনোযোগ বা আদর দিয়ে থাকলে সঙ্গে সঙ্গে অন্য সন্তানদের সঙ্গে আপনার আচরণ দিয়ে পুষিয়ে নিন।
* সন্তানদের যেকোনো উপলক্ষে উপহার দেওয়ার বিষয়ে কোনো অবস্থাতেই যাতে বৈষম্য বা কম-বেশি না হয়, সেদিকে নজর রাখুন।
* কোনো সন্তান তাদের প্রতি আপনার বৈষম্যপূর্ণ আচরণের অভিযোগ করলে বিষয়টা গুরুত্বের সঙ্গে নিন। আপনার আচরণের কোন বিষয়টা তার খারাপ লাগছে, সেটা জানুন এবং সংশোধন করুন। এ ধরনের অভিযোগ নিজের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা থেকে বিরত থাকুন। যেমন মা-বাবা তো সব ছেলেমেয়েকে সমান ভালোবাসেন, ওর ওই আচরণ ভালো বলে তাকে বেশি প্রশংসা করি ইত্যাদি।
* আপনার যুক্তিতে আপনি ঠিক থাকলেও আপনার আচরণের ত্রুটির জন্য সন্তানদের কাছে সেটা ভুলভাবে আসছে। সুতরাং প্রথমে আপনার আচরণ সংশোধন করুন।

ভাইবোনেরও কিছু দায়িত্ব আছে। ছোটবেলায় মনে যেমন হিংসাবিদ্বেষ থাকে না, বড় হওয়ার পরও মনকে কুণ্ঠিত করা যাবে না। ভাইবোনের মধ্যে ঝগড়া হলে নিজেরাই মিটিয়ে ফেলুন। খুব গুরুতর কিছু হলে আলোচনা করতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা থেকে ভালোবাসা হয়। মনকে ভালো রাখে এসব খুনসুটি।

 ডা. মেখলা সরকার : মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।