তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারের টেকনাফের ঘরে ঘরে ভাইরাস জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে এক হাজারের বেশি রোগী উপজেলার হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানান, পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নের প্রতিটি গ্রামের অধিকাংশ ঘরে সর্দি-কাশি, ভাইরাস জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিদের অনেকে হাসপাতালে না গিয়ে পল্লিচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে।চিকিৎসকেরা জানান, ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ করে দিনের বেলায় গরম, আবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এর ফলে ভাইরাস জ্বরে আক্রান্তের হার বাড়ছে। পাশাপাশি খোলা ও অস্বাস্থ্যকর খাবারের কারণে ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে।বাহারছড়ার বড় ডেইল গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জানান, গত এক সপ্তাহে তাঁর পরিবারের সাত সদস্য সর্দি-কাশি ও ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে।উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, এ পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার চিকিৎসকদের কাছ থেকেও সমানসংখ্যক রোগী চিকিৎসা নিয়েছে। প্রচণ্ড গরমে ঘাম বসে গিয়ে ঠান্ডা থেকে ভাইরাসজনিত জ্বর ও সর্দি-কাশির সংক্রমণ ঘটছে।উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান জানান, মৌসুম পরিবর্তনের কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দিনে তীব্র গরম ও রাতে শীত অনুভূত হওয়ার কারণে ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ নানা বয়েসের রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।