খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিগত ১৭ দিনে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও আড়াই শ শিশু।দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানান, প্রচণ্ড ঠান্ডার কারণে রোটা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড না থাকায় সাধারণ ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য সরকারিভাবে জিঙ্ক ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ না থাকায় অভিভাবকদের ওষুধের দোকান থেকেই তা কিনতে হচ্ছে। এমন অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রে আসা শিশুরোগীর অভিভাবকদের।স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানান, ১ থেকে ১৭ জানুয়ারি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধশতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্বিভাগে (ইনডোরে) ভর্তি হয়। আক্রান্ত ১০ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালেও পাঠানো হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ থেকে আড়াই শ শিশু ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত সুপ্রিয় চাকমার (দুই বছর) অভিভাবক নোবেল চাকমা বলেন, ‘কয়েক দিন ধরে বাচ্চা পাতলা পায়খানা করছে। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে এখন কিছুটা সুস্থ সে। তবে হাসপাতালে চিকিৎসা মিললেও ওষুধ মেলেনি। বেবি জিঙ্ক ট্যাবলেট, পটাসিয়াম সিরাপ এবং বমির ওষুধ দোকান থেকে কিনতে হচ্ছে।’তবে এ অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসকেরা জানান, আক্রান্ত শিশুদের জন্য সরকারিভাবে কোনো ওষুধ বরাদ্দ নেই। এ কারণে শিশুর অভিভাবকেরা দোকান থেকেই ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। অন্যান্য চিকিৎসাসেবা স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা মূল্যেই দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা (এমও) পলাশ নাগ বলেন, ‘তীব্র শীতের কারণে রোটা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। তাই শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।’ডায়রিয়া থেকে রক্ষা পেতে হলে কী পদক্ষেপ নিতে হবে? এমন প্রশ্নের উত্তরে পলাশ নাগ বলেন, ‘শিশুদের উষ্ণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কক্ষে রাখতে হবে। ফুটানো পানি পান করাতে হবে। কোনোভাবেই ঠান্ডা ও বাসি খাবার খাওয়ানো যাবে না।’