ভাইস চেয়ারম্যান পদ নিয়েও কোন্দল আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচন ঘিরে কোন্দল পিছু ছাড়ছে না মিরসরাই আওয়ামী লীগের। উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা এবার প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে। সে বিরোধ নিরসন হয়নি এখনো। তার ওপর ভাইস চেয়ারম্যান পদেও দলের চার নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে একক প্রার্থী দিতে দলের সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম জেলা ও মিরসরাই উপজেলা নেতৃবৃন্দকে চিঠি দিলেও এ ব্যাপারে কার্যত কোনো অগ্রগতি হয়নি।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন।
গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একক প্রার্থী ঘোষণার নির্দেশ দিয়ে চিঠি দিলেও তাঁর নির্দেশ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। এ ব্যাপারে উদ্যোগের কথা বলা হলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শেখ আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। আর শিগিগিরই কার্যনির্বাহী কমিটির সভায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়টি ঠিক করা হবে।
মিরসরাইয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন ইয়াসমিন আক্তার, ইসমত আরা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। তিন প্রার্থীর সবাই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। এই পদে এবার বিএনপি কোনো প্রার্থী দেয়নি।
এদিকে, বিএনপির উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করতে না পারলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দিয়েছে। বিএনপি থেকে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন মাহমুদ।