১৯ জুলাই রাতে টিভি খুলেই আমি হতভম্ব! জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আর আমাদের মাঝে নেই। বাকরুদ্ধ স্তব্ধ আমি শূন্য মাথায় ঝাপসা চোখে তাকিয়ে আছি টিভি পর্দায়। এমন সময় প্রবাসী ছোট বোনের ফোন। ‘আপা, এসব কী শুনছি। কী দেখছি! এটা কী করে সম্ভব! তোর, আমার, আমাদের প্রিয় লেখক আর....। আমি ভাবতে পারছি না’ বলেই হাউমাউ কান্না। ‘আপা, নতুন বই কিনে তোকে আর আমার ভয়ে লুকানোর জায়গা খুঁজতে হবে না। আমাদের গল্পের জাদুকরের সোনার হাতের সোনার কলম থেমে গেছে। মনে আছে, কৃষ্ণপক্ষ পড়ে মুহীবের জন্য তোর সে কী কান্না। প্রিয়তমেষু কিনে এনে প্রিয়তমেষু সম্বোধন করে ১০০টা বইয়ের নাম দিয়ে লিখে ফেলিস বিশাল প্রেমপত্র।’ এক পূর্ণিমা রাতে হলুদ জামা পরে আমি ঘোষণা করে দিলাম, ‘আজ থেকে আমি মেয়ে হিমু।’ বড় ভাইয়ার হাতে নতুন বই দেখলেই দুজনার তক্কে তক্কে থাকা. কখন রাখবে আর কার আগে কে পড়ব।হ্যাঁ, খুব ইচ্ছে করছে আজ আমার সেই ভাইয়ার কথা কিছু বলি। যাঁর হাত ধরে হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে প্রথম পরিচয়। প্রবেশ এক আনন্দ-ভুবনে। এই ভাইয়াকে ঘিরে আছে আমার হাজারো সুখস্মৃতি। একটা ঘটনা বলি।একদিন ক্লাসরুম থেকে শিক্ষকদের রুমে জরুরি তলব। আমি তো ভেবে কূল পাই না—লিচুগাছে উঠলাম না, তেঁতুলগাছেও ঢিল ছুড়িনি তো ডাকাডাকি কেন? বারান্দা পর্যন্ত যেতেই দেখি, এক প্যাকেট গ্লুকোজ বিস্কুট আর ফানটা হাতে ভাইয়া দাঁড়িয়ে। বাসা থেকে খেয়ে আসিনি শুনে স্কুলে উপস্থিত। প্রায়ই অঙ্ক নিয়ে বসতেন। না বুঝলে শতবার বোঝাবেন। বুঝেছি বলে না পারলে চড়-চাপড়ের ঝড়। ওমা! মার খেয়েছি আমি, ওদিকে ভাইয়ার চোখ ভেজা। ভেজা চোখে মারের জায়গায় হাত বুলাতে বুলাতে বলেন, ‘এত করে বলি না বুঝে বুঝেছি বললে আজীবন না বুঝাই থেকে যাবি।’ তখন ওসব জ্ঞানের কথা বোঝার বয়সে আমি নেই। মনে মনে তালিকা করে ফেলি, আজ কোথায় কোথায় বেড়াতে যাব। শখের পাইলট কলম আর বান্ধবীর গলায় দেখা পুঁতির লম্বা মালাটা কিনে ফেলার আজই সুবর্ণ সুযোগ। এটা ছিল ভাইয়ার অলিখিত নিয়ম। বকাঝকা বা চড়-চাপড়ের পর বেড়াতে নিয়ে যাওয়া, এটা-সেটা কিনে দেওয়া। এমনিতেও কখনো ভাইয়ার কাছে কিছু চেয়ে পাইনি, এমন ঘটনা আমার মনে পড়ে না। বাবা যেদিন মারা গেলেন ভাইবোনদের জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, ‘আমি সব সময় তোদের পাশে থাকব।’ আজ ২০ বছর পরও সেদিনের সেই কথা থেকে একটি মুহূর্তের জন্যও নড়চড় হয়নি। বাবার রেখে যাওয়া স্কুল-কলেজে পড়ুয়াসহ নয়-নয়জন ভাইবোন আর বিশাল পরিবারের দায়িত্ব তুলে নিয়েছেন একার কাঁধে ভালোবাসার বন্ধনে। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, এই ছোটখাটো গড়নের মানুষটা তাঁর এতটুকু বুকে কী করে ধারণ করেন এক পৃথিবী সমান ভালোবাসা! জেসমিনকুমিল্লা।