মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরি হবে, দালাল চক্র এমন লোভ দেখিয়েছিল কক্সবাজারের উখিয়ার কুতুপালং গ্রামের কিশোর মো. ইব্রাহিমকে (১৬)। ২০১৩ সালের ৫ জুন দালালরা তাকে মাছ ধরার নৌকায় তুলে নেওয়ার পর এক বছর কেটে গেলেও এখনো তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।
সৈয়দ নুরের ছেলে মো. ইব্রাহিমের মতো কক্সবাজার ও টেকনাফ এলাকার পাঁচ শতাধিক মানুষ মালয়েশিয়ায় ভাগ্য ফেরাতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
টেকনাফ ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা জানান, মানবপাচারকারী চক্র মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। মো. ইব্রাহিমের মতো অনেক তরুণ ভাগ্য বদলাতে দালালদের প্রলোভনে পা দিচ্ছেন। এসব তরুণকে দালালেরা থাইল্যান্ড বা অন্য কোনো দেশের দালালের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ আছে। এরপর বিদেশি দালালেরা এঁদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। তবে স্থানীয় দালালদের বিরুদ্ধে পুলিশ অনেক সময় কার্যকর কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ নিখোঁজ ব্যক্তির স্বজনদের।
এ বিষয়ে মো. ইব্রাহিমের মা ফাতেমা বেগম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় উখিয়া থানায় স্থানীয় পাঁচ দালালের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, গত এক বছরে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে নিখোঁজ হয়েছেন উখিয়া-টেকনাফ উপকূলের অন্তত পাঁচ শ মানুষ। এর মধ্যে কিশোর ও যুবকের সংখ্যা বেশি। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান এ সংখ্যা অনেক বেশি।
পুলিশ সূত্র জানায়, বর্তমানে মিয়ানমারের তিনটি কারাগারে ২৮১ জন, থাইল্যান্ডের কারাগারে ৩১৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত ১৯ মার্চ মিয়ানমারের কারাগার থেকে ২৬ বাংলাদেশিকে টেকনাফে ফেরত আনা হয়। অন্যদেরও ফিরিয়ে আনার পক্রিয়া চলছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, গত ২৮ মে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় পুলিশ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১০ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। এর আগেও ১০ দালালসহ অন্তত ৫০ যাত্রীকে আটক করা হয়। কিন্তু তার পরও মানবপাচার ঠেকানো যাচ্ছে না।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কাজী হারুনুর রশিদ বলেন, গত ২০ মে তাঁরা সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে ৬৬ জন যাত্রীসহ দুটি কাঠের ট্রলার আটক করেন। স্থানীয় দালালরা এসব যাত্রীর কাছ থেকে মাথাপিছু ২০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচার করছিল। এই সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকার জাবেদ হোসেন (২৮), গুরা মিয়া (৩৫), মো. আনোয়ার (২৯) ও কোয়াইনছড়িপাড়ার মো. শাহীনকে (২৮) মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, গত তিন বছরে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় পাঁচটির বেশি ট্রলারডুবির ঘটনায় অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক হাজারের বেশি মানুষ। পাচারের সময় ধরা পড়ে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের কারাগারে বন্দী আছেন আরও অন্তত এক হাজার মানুষ। উপকূলের তিন শতাধিক দালাল দীর্ঘ সময় ধরে মানবপাচার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
উখিয়ার ছোয়াংখালী গ্রামের আলতাজ মিয়া বলেন, দালালের খপ্পড়ে পড়ে তাঁর ছেলে নুরুল কবির (২৮) এখন থাইল্যান্ডের কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন। ২০১৩ সালের ১০ জানুয়ারি দালালচক্র মালয়েশিয়ায় ভালো চাকরির লোভ দেখিয়ে নুরুলকে ট্রলারে তুলে দেয়। কয়েক দিন পরে থাইল্যান্ড সীমান্তে সেখানকার নৌবাহিনীর হাতে ছেলেসহ দুই শতাধিক যাত্রী ধরা পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেও ছেলেকে ফিরিয়ে আনা যাচ্ছে না। ওই কারাগারে উখিয়া টেকনাফের আরও শতাধিক যাত্রী বন্দী রয়েছেন বলে জানা গেছে। টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা নবী হোসেন বলেন, এ বছরের ২৩ মার্চ তাঁর দুই ছেলেসহ ১২০ জনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে তুলে নেয় স্থানীয় দালালেরা। সেন্ট মার্টিনের উপকূলে সাগরে ট্রলারটি ডুবে গিয়ে সবার মৃত্যু হয়েছে বলে জেনেছেন তিনি।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, মানবপাচার রোধ ও জনসচেতনতা বাড়ানোর জন্য সংগঠনের উদ্যোগে তাঁরা সমুদ্র উপকূলে নানা সমাবেশ ও প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাতেও ফল পাওয়া যাচ্ছে না।