কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বেজেছে। প্রস্তুত পাণ্ডব ও কৌরবপক্ষ। তবে মূল লড়াই হবে পাণ্ডবদের অর্জুন ও কৌরবপক্ষের কর্ণের মধ্যে। ঠিক এমন মুহূর্তে কর্ণকে নিজের সন্তান বলে দাবি করলেন পাণ্ডবদের মা কুন্তী। তিনি চান না ভাইয়ে ভাইয়ে এই যুদ্ধ হোক। কুমারী বয়সে সূর্যদেবের ঔরসে কর্ণকে গর্ভধারণ করেন তিনি। কিন্তু লোকলজ্জার ভয়ে ত্যাগও করেন তাঁকে।
সূতপুত্রের পরিচয় নিয়ে বেড়ে ওঠা কর্ণ শেষ পর্যন্ত তাঁর মা কুন্তীর ডাকে সাড়া দিয়ে অস্ত্র ত্যাগ করেন না।
বদ্ধুদেব বসু রচিত প্রথম পার্থ নাটকের এই কাহিনি মহাভারত–পড়া পাঠকদের অজানা নয়। কিন্তু নাটকে শেষ পর্যন্ত নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে কর্ণকে মানুষ হিসেবে রূপায়িত করেন নাট্যকার।
মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ১৮তম প্রযোজনা হিসেবে প্রথম পার্থর মঞ্চায়ন হয় গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। সুচরিত দাশের নির্দেশনায় তিন পর্বের এই নাটককে মহাভারতের ভাগ্যবিড়ম্বিত বীর কর্ণের উপাখ্যানও বলা যায়।
নাটকে কর্ণ চরিত্রে সুচরিত দাশ, দ্রৌপদী চরিত্রে সীমা দাশ, কৃষ্ণ চরিত্রে মো. অলিউর রহমান, কুন্তী চরিত্রে ইন্দিরা চৌধুরীর অভিনয় ভালো লেগেছে দর্শকদের। তা ছাড়া কোরাসে আরও অংশ নেন রূপেশ কান্তি দে, মো. শহীদুল আলম, এস এম ওয়াহিদুল রহমান, মহাশ্বেতা দাশগুপ্তা, বাবুল কান্তি দে, এস এম মোস্তাফিজুর রহমান, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাসেল পাল ও মো. জাহেদুর রহমান।