ভাগ্যবিড়ম্বিত একটি প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় জর্জরিত ফেনীর দাগনভূঞার এয়াকুবপুর ইউনিয়নের বাদামতলী হামিদুল হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। সংস্কারের অভাবে বিদ্যালয় ভবনটির ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে। টুল-বেঞ্চি সব নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে।স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তি হামিদুল হক ১৯৯৮ সালে সাধারণ মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে ৩৫ শতাংশ জমি কিনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম অবস্থায় একটি টিনের ঘর ও টিনের বেড়া দিয়ে একজন প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রধান শিক্ষকের সম্মানী ভাতা এক হাজার ২০০ টাকা এবং সহকারী শিক্ষকদের সম্মানী ভাতা ধরা হয় মাসিক এক হাজার টাকা। গ্রামের সাধারণ মানুষের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে আগ্রহী শিক্ষকেরা সামান্য সম্মানী ভাতাতেও রাজি হয়ে যান। দাগনভূঞার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব বিদ্যালয়টি উদ্বোধন করেন। পরবর্তী সময়ে দেখা যায়, বিদ্যালয়ের জন্য ক্রয় করা ৩৫ শতাংশ জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। ফলে নতুন জটিলতা দেখা দেয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল মোকাম জানান, ভাগ্যবিড়ম্বিত এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর গত ১৪ বছরে তাঁরা সরকারি বা বেসরকারি কোনো ধরনের আর্থিক বা অন্য কোনো ধরনের সহায়তা পাননি। শুরু থেকে একই সম্মানী ভাতায় তাঁরা শিক্ষার্থীদের পাঠদান করছেন। অথচ বিদ্যালয়ের শিক্ষার মানও ভালো। গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হামিদুল হকের মৃত্যুর পর তাঁর ছেলে হারুনুর রশিদ শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান করে থাকেন। তবে তিনি ঢাকায় ব্যবসার কারণে বাবার মতো নিয়মিত দেখাশোনা করতে পারেন না। গত ১৪ বছরে দ্রব্যমূল্য বাড়লেও শিক্ষকদের সম্মানী ভাতা বাড়েনি। তদুপরি বিদ্যালয়ে উপবৃত্তি না থাকায় কিছু শিক্ষার্থী দুই কিলোমিটার দূরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে গেছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আহম্মদ উল্যাহ জানান, ভূমি জটিলতা নিরসনে বিদ্যালয়ের জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির জানান, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। সরকারি সাহায্য-সহযোগিতার সুযোগ তেমন নেই। তবুও তিনি কিছু সহযোগিতার উদ্যোগ গ্রহণ করবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোহাম্মদ হোসেন জানান, বিদ্যালয়টি সরকারীকরণের প্রচেষ্টা নেওয়া হবে।