ভাগ্যিস, ক্রিকেটারদের এসব নিয়ে টেনশন করতে হয় না
আমরা যারা আমপাবলিক, তারা যেসব বিষয় নিয়ে টেনশন করি, ক্রিকেটারদের যদি সেসব বিষয় নিয়ে টেনশন করতে হতো, তাহলে খেলার বারোটা বাজত। বিষয়গুলো কী কী তা-ই জানাচ্ছেন ইকবাল খন্দকারআমাদের অভিভাবকেরা আমাদের উপদেশ দেন আস্তে কথা বলতে হবে। উচ্চ স্বরে কথা বলা যাবে না। আমরা তাঁদের এই উপদেশ মেনে চলি। তবু বন্ধুদের আড্ডায় পড়ে অনেক সময় জোরে কথা বলে ফেলি, গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। পরক্ষণেই আমাদের মনে টেনশন দানা বেঁধে ওঠে, এই বুঝি মা-বাবা বা বড় ভাইবোন এলেন শাসানোর জন্য—এই বেয়াদব, জোরে চিৎকার দিলি ক্যান? জোরে কথা বললে বা চিৎকার দিলে যে বকাটা খেতে হয়, ক্রিকেটারদের মনে যদি এই বকা খাওয়ার ভয় থাকত, তাহলে মাঠে কোনো ফিল্ডারই ‘আউট’ বলে চিৎকার দেওয়ার সাহস পেত না। আপিল করার দরকার হলে আস্তে আস্তে হেঁটে আম্পায়ারের কাছে গিয়ে বলত, ‘আম্পায়ার কাকু, মাথাটা নোয়ান, একটা আলাপ করি। অমুকে আউট।’ছোটবেলায় আমরা যখন নদীতে গোসল করতে যেতাম, তখন পড়তাম বিপদে। কারণ, পাড়ে জামাকাপড় রেখে নদীতে নামা নিরাপদ ছিল না। যেকোনো সময় চুরি হয়ে যেতে পারত। তাই আমরা কাউকে এনে অনুরোধ করে নদীর পাড়ে বসিয়ে রাখতাম আমাদের জামাকাপড় পাহারা দেওয়ার জন্য। ক্রিকেটারদের যদি এই টেনশনটা করতে হতো, তাহলে দেখা যেত বোলার তার খালাতো ভাইকে নিয়ে এসেছে বল করার সময় তার ক্যাপটা ধরার জন্য, ব্যাটসম্যান তার পাড়াতো ভাইকে নিয়ে এসেছে হেলমেট খুলে তার হাতে দেওয়ার জন্য, কেউ পানির বোতল ধরার জন্য নিয়ে এসেছে অন্য কোনো আত্মীয়কে। তখন মাঠের ভেতর ২২ জনের জায়গায় কম করে হলেও ৪৪ জন গিজগিজ করত।আমরা যখন পরিষ্কার জামাকাপড় পরে বাইরে যাই, তখন একটা টেনশন অলটাইম আমাদের তাড়া করে বেড়ায়। ছোটবেলায় টেনশন থাকত পরিষ্কার জামায় ময়লা লাগালে মা পিটুনি দেবেন। আর বড়বেলায় টেনশন থাকে, ময়লা লাগালে বউ এক গাদা কথা শোনাবে। কারও কথা শোনার টেনশন কাজ না করলেও অন্তত এই টেনশনটা কাজ করে—ময়লা যে লাগাব, কাপড়টা তো আবার আমাকেই ধুতে হবে। এই যে টেনশন, এই টেনশন যদি ক্রিকেটারদের করতে হতো, তাহলে সব ক্যাচ তারা মিস করে বসে থাকত। কারণ, ক্যাচ ধরতে গেলে বেশির ভাগ সময়ই মাটিতে গড়াগড়ি খাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু মাটিতে গড়াগড়ি খেলে যদি সদ্য ধোয়া জামায় ময়লা লাগে!সব বয়সেই আমরা একটা শাস্তির মুখোমুখি হয়ে থাকি। শাস্তিটা হচ্ছে, আমাদের কারণে যদি কোনো জিনিস নষ্ট হয়, তাহলে আমাদেরই সেই জিনিসটা আগের মতো করে দিতে হবে। অর্থাৎ যে নষ্ট করবে, ঠিকঠাক করে দেওয়ার দায়-দায়িত্ব তার। এই যে শাস্তির টেনশনটা, এই টেনশন যদি ক্রিকেটারদের করতে হতো, তাহলে উইকেট পাওয়া যারপরনাই দুষ্কর হয়ে পড়ত। কারণ, কেউ প্রতিপক্ষের ব্যাটসম্যানকে রানআউট করার দুঃসাহস দেখাত না। যেহেতু রানআউট করতে গেলে স্ট্যাম্প বরাবর বল ছুড়ে মেরে স্ট্যাম্প ভেঙে দিতে হয়। ফিল্ডিংদাতাদের মনে এই টেনশন ঘুরঘুর করত, যদি স্ট্যাম্প ভাঙি, তাহলে এগুলো আমাকেই আগের মতো দাঁড় করিয়ে দিতে হবে। ততক্ষণ আমার জায়গায় ফিল্ডিং দেবে কে?খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো, সুস্থ থাকতে হলে খেলাধুলা করতে হবে—এটা আমরা যেমন জানি, আমাদের মা-বাবাও জানেন। তাই তাঁরা আমাদের অনুমতি দেন খেলাধুলা করার জন্য বিকেলে মাঠে যেতে। কিন্তু বিকেল গড়িয়ে যেই না সন্ধ্যা হয়, অমনি আমাদের টেনশন লেগে যায় কখন বাড়ি ফিরব। কারণ, বিকেল পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থাকার অনুমতি দেননি। সন্ধ্যার আগে মাঠ ছাড়ার এই টেনশনটা যদি ক্রিকেটারদের মনে কাজ করত, তাহলে ক্রিকেট বিশ্বে ‘ডে-নাইট’ খেলা বলে কোনো খেলা থাকত না। নাইট তো দূরের কথা, সন্ধ্যা হওয়ার আগেই ক্রিকেটাররা অস্থির হয়ে যেত বাড়ি যাওয়ার জন্য। কারও বাসা দূরে হলে সে আরও আগেই মাঠ ছেড়ে দিত।