>‘পেটব্যথা নিয়ে লেখেন, চুলকানি নিয়ে কেন লেখেন না?’ ‘হাইতির দুর্ভিক্ষের জন্য দুঃখ প্রকাশ করলেন, উগান্ডার মহামারির জন্য করলেন না কেন?’ ‘সাকিবের বউকে মা হওয়ায় অভিনন্দন জানালেন, আমার চাচিকে তো জানালেন না!’ স্ট্যাটাসের কমেন্ট, কমেন্টের রিপ্লাই, রিপ্লাইয়ের পাল্টা রিপ্লাই—আলাপ শুরু হয় কাঁচা আম দিয়ে, শেষ হয় আন্তমহাকাশীয় ষড়যন্ত্র দিয়ে। মূল বিষয়টাই যায় হারিয়ে। হ্যাঁ, বলছিলাম ফেসবুকের কথা। বাস্তব জীবনের কথোপকথনে যদি ফেসবুকের মতো প্যাঁচ লেগে যায়, কেমন হবে ব্যাপারটা? ভেবেছেন আলিয়া রিফাত , এঁকেছেন সালমান সাকিব শাহরিয়ার

পছন্দের মেয়ের সঙ্গে কথোপকথন
: মৌ, আমি তোমাকে ভালোবাসি।
: ভালোবাসো তো আগে বলোনি কেন?
: ভয় হতো। যদি ফিরিয়ে দাও!
: শুধু ভালোবাসলেই হবে? বিয়ে করতে হবে না?
: সেটাই তো বলতে এসেছিলাম। আমাকে বিয়ে করবে?
: আমাকে বিয়ে করে খাওয়াবে কী? কত টাকা বেতন পাও?
: ৪০ হাজার। সামনের মাসে আরও বাড়বে।
: মোটে? আমার ছোট ভাই তোমার জুনিয়র হয়েও ৫০ পায়। সেই কবে পাস করেছ, এখনো এত কম!
: বললাম তো আরও বাড়বে।
: কত আর বাড়বে? ৬০-ই ধরলাম। ও দিয়ে তো তোমার ফেসওয়াশও কিনতে পারবে না।
: ফেসওয়াশ! তুমি জানো না ওগুলো স্কিনের জন্য কত ক্ষতিকর? কি–না–কি কেমিক্যাল দেয় জানো?
: আহা রে! কত কেমিক্যাল যে শাকসবজির সঙ্গে খাচ্ছ প্রতিদিন? খেলে কিছু না, মাখলেই দোষ? ফেসওয়াশ ইউজ না করলে ইয়াং থাকবে কী করে?
: মৌ, আমরা বিয়ের কথা বলছিলাম। আমাকে বিয়ে করবে কি না, বলো।
: আমি কিচ্ছু জানি না। তোমার মা-বাবাকে বলো, আমার বাসায় প্রস্তাব পাঠাতে।

মায়ের সঙ্গে কথোপকথন
: মা, আমি মৌকে বিয়ে করতে চাই।
: মৌকে কেন? টুশিকে কেন না? সে-ও তো একটা মেয়ে।
: মা, আমি মৌকে ভালোবাসি।
: ইশ্, ভালোবাসা! বানান জানিস? বল তো, ভালোবাসায় ‘ও’-কার আছে নাকি নেই?
: মা, আমি তোমার কাছে বাংলা পরীক্ষা দিতে আসিনি।
: তোকে কে বলেছে বাংলা পরীক্ষা দিতে? সময়মতো বিসিএসটা দিলে তো আজ ক্যাডার হতি। বুবুর ছেলেটা কী সুন্দর ফরেন সার্ভিসে ঢুকে গেল।
: মা, আমি মৌয়ের কথা বলতে এসেছিলাম। ওর বাড়িতে প্রস্তাব পাঠাবে কি না, বলো।
: আমি কিচ্ছু জানি না। তোর বাপকে রাজি করা।

বাবার সঙ্গে কথোপকথন
: বাবা, আমি মৌকে বিয়ে করতে চাই।
: লজ্জা করে না? নিজের বিয়ের কথা নিজে বলতে এসেছিস!
: বাবা, আমি মায়ের কাছেই গিয়েছিলাম। মা–ই তোমার কাছে আসতে বলল।
: মা বললেই আসতে হবে! আর আমি যে বাজার করতে বলি, সেটা তো শুনিস না।
: বাবা, কালকেই তো আলুপটোল ডটকম থেকে বাজার করলাম।
: কুঁড়ের বাদশা একেবারে। তোর বয়সে আমি ২০ মাইল হেঁটে বাজারে যেতাম, এক মণি চালের বস্তা টেনে বাড়ি আনতাম। আর তোরা এক ক্লিকেই সব সারতে চাস!
: বাবা, আমি মৌকে বিয়ে করতে চাই।
: করতে চাস, কর। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন?
: বাবা, মৌ বলেছে, তোমাদেরকে ওর বাসায় প্রস্তাব পাঠাতে।
: কক্ষনো না। আমরা কেন আগে প্রস্তাব দেব? ওরা আসুক আমাদের কাছে প্রস্তাব নিয়ে। তোর জন্য মেয়ের অভাব আছে নাকি?
: বাবা, আমি মৌকেই ভালোবাসি।
: চাকরি করে বাপের পাশে ভালোভাবে দাঁড়াতে পারলি না, আবার ভালোবাসা? বানান জানিস? বল তো ভালোবাসায় ‘শ’ নাকি ‘স’?
অতঃপর ওই যুবকের বিয়ে আর হলো কি না, হলেও কবে হলো, কার সঙ্গে, তা আর জানা যায়নি।