কত উপন্যাস, চলচ্চিত্র বিখ্যাত হয়ে আছে হৃদয়বিদারক ট্র্যাজেডির জন্য। কোনো খবর ঠিকমতো না পৌঁছানোর কারণেই হয়তো ঘটে গেছে বিশাল দুর্ঘটনা। ভাগ্যিস, তখন মুঠোফোন ছিল না। থাকলে কি আর এসব ঐতিহাসিক সিনেমা হতো? ভেবেছেন আহাদ আদনান

রোমিও অ্যান্ড জুলিয়েট
জুলিয়েট যদি একবার মেসেঞ্জারে জানিয়ে দিত, ‘আমি বিষ খেয়ে মরব না, মরার ভান করে সাময়িক পড়ে থাকব।’ তাহলে কি আর রোমিওকে মরতে হয়? আমরা পেতাম একটা ‘হ্যাপি এন্ডিং’।

টাইটানিক
‘আমরা বরফে ধাক্কা খাইছি, বাঁচাও আমাদের!’ এই কথা বলে যদি ক্যাপ্টেন একটা ভিডিও আপলোড করতেন, তাহলে নিশ্চিত সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যেত। আর বেঁচেও যেতে পারত জ্যাক। আর এর আগে আমরা পেতাম রোজ-জ্যাকের সেলফি।

দেবদাস
হোয়াটসঅ্যাপে যদি পারুর সঙ্গে চ্যাট করতে পারত দেবদাস, তাহলে আর চন্দ্রমুখীর কাছে গিয়ে মদ খেয়ে লিভার খারাপ হতো না। কিংবা ফেসবুকে যদি ‘লিভার ভালো রাখার ১০১টি উপায়’ নামের লিংকটায় ক্লিক করে পড়ে ফেলত, তাহলে কি আর অকালে মরতে হয়? হায় দেবদাস!

পদ্মা নদীর মাঝি
হোসেন মিয়া যদি কপিলার ফেসবুক-বন্ধু হতো, তাহলে ঠিকই তাকে পটিয়ে ফেলত। ময়না দ্বীপে যাওয়ার আগে, ‘মাঝি, আমারে নিবা না লগে?’র বদলে সংলাপ হতো, ‘মিয়া, আমারে নিবা না লগে?’