ভাঙছে আমানীদের স্বপ্ন, সংসার

সাত বছর আগে আমানী বেগমকে ভালোবেসে বিয়ে করেছিলেন পুতুল আমিন। দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যে নাইছাপ্রাং গ্রামে। বিয়ের পর পুতুল আমিন মংডু শহরের মনোহরী দোকানে চাকরি নেন। দিন চারেক পর আমানী এসে দোকানে হাজির। স্বামীর কাছ থেকে দূরে থাকতে রাজি নয়। শেষমেশ চাকরি ছেড়ে গ্রামে চলে আসেন পুতুল।
বাড়ির পাশেই ছিল এক খণ্ড জমি। সেই জমিতে ধান আর শাকসবজির চাষ করতেন। পাশাপাশি গরু-ছাগল, কবুতর ও হাঁস–মুরগি পালন করে করতেন বাড়তি আয়। কিছুটা টানাটানি ছিল। তারপরও মোটামুটি চলছিল দিন।
দুই বছরের মাথায় আমানীর কোলজুড়ে আসে মেয়ে ওয়াহিদা। আরও দুই বছর পর এল আরেক মেয়ে শফিয়া। ছেলে সন্তানের জন্য আশায় বুক বাঁধেন। সেই ইচ্ছাও পূরণ হয়। চার মাস আগে জন্ম হয় ছেলে সন্তানের। দুজনে মিলে ছেলে নাম রাখলেন বলিউড তারকা সালমান খানের নামে ‘সালমান’।
ইচ্ছা ছিল সালমানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে। সিদ্ধান্ত নিয়েছিলেন নাইছাপ্রাং ছেড়ে চলে যাবেন আকিয়াব শহরে। কিন্তু এবার বেঁকে বসে ভাগ্য। হঠাৎ ঝড়ে তছনছ হয়ে গেছে সাজানো-গোছানো সংসার। তিন ছেলেমেয়ে নিয়ে রাতের আঁধারে এক কাপড়ে কক্সবাজারের উখিয়ায় পালিয়ে আসতে হয় আমানীকে। ঠাঁই হয় কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের এক ঝুপড়ি ঘরে।
৫ ডিসেম্বর সকালে ওই শিবিরে কথা হয় আমানীর সঙ্গে। আমানীর কোলে চার মাসের সালমান। সামনে দাঁড়িয়ে দুই মেয়ে ওয়াহিদা (৫) ও শফিয়া (৩)।
সেদিন কী হয়েছিল? প্রশ্ন করতেই আমানীর দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। চোখের জল মুছতে মুছতে বললেন, ‘এমন বিপদের দিনে প্রিয় মানুষটি (পুতুল আমিন) পাশে নেই। কারে নিয়ে বাঁচার স্বপ্ন দেখব? তাঁকে ছাড়া এক মুহূর্ত থাকতেও ভীষণ কষ্ট হচ্ছে।’
আমানীর ভাষ্যমতে, গত ১৭ নভেম্বর বিকেল চারটায় হঠাৎ গাড়িতে করে কয়েক শ সেনা ও পুলিশ তাঁদের গ্রামটি ঘিরে ফেলে। এর কিছুক্ষণ পর আকাশে চক্কর দিতে থাকে দুটি হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে এলোপাতাড়ি ছোড়া হচ্ছিল গুলি আর বোমা। রোহিঙ্গাদের ঘরবাড়িতে চলে হামলা ও অগ্নিসংযোগ। রোহিঙ্গা নারী-পুরুষ–শিশু যে যেদিকে পারে দৌড়াচ্ছিল। শিশু সালমান আর দুই মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী পালাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একটা গুলি এসে লাগে পুতুল আমিনের মাথায়। মাগো বলে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। এরপর তিন শিশুসন্তান নিয়ে ধানখেতে আশ্রয় নেন আমানী।
আমানী বলেন, রাত আটটার দিকে অভিযান শেষ করে সেনা ও পুলিশ সদস্যরা চলে গেলে তিনি সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে যান। দেখেন সব শেষ। আগুন দিয়ে বাড়িটি ধ্বংস করা হয়েছে। গ্রামের ধ্বংসস্তূপের এখানে–সেখানে পড়ে আছে অসংখ্য মৃতদেহ। সেখানে পুতুলের লাশ খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। আগুনে পুড়ে বহু লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে ওই রাতেই তিনি পালিয়ে যান অন্য একটি গ্রামে। তিন দিন পর সেখান থেকে পালিয়ে আসেন উখিয়ায়।
আমানীর কোলে লাল সোয়েটার পরা ছেলে সালমান। বেশি লোকজনের উপস্থিতি দেখে সে হাত পা নাড়ছে। অপর দুই মেয়ে মাটিতে খেলছে। বাবার কথা তাদের মনেই নেই।
আমানী বলেন, প্রচণ্ড ঠান্ডায় ছোট্ট সালমান খুবই কষ্ট পাচ্ছে। সর্দি-জ্বর ও কাশি হয়েছে তার। দরকার হচ্ছিল গরম একটি কাপড়ের। কিন্তু কাপড় কেনার টাকাও নেই। শেষে কানের এক জোড়া দুল বন্ধক রেখে কেনা হলো একটি সোয়েটার। সবার পছন্দ ছিল নীল রঙের সোয়েটার। কিন্তু সেদিকে মন গেল না আমানীর। সালমানের জন্য কেনা হলো লাল রঙের সোয়েটার। কারণ লাল রং পছন্দ ছিল পুতুলের। গুলিবিদ্ধ হওয়ার সময়ও পুতুলের শরীরে ছিল লাল গেঞ্জি। এখন সালমানের গায়ে লাল সোয়েটার দেখলেই তাঁর কথা মনে পড়ে।
গত এক মাসে এই শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ১২ হাজার রোহিঙ্গা। আগে থেকে এ শিবিরে অবস্থান করছিল ৮০ হাজারের বেশি রোহিঙ্গা। সেনা ও পুলিশের নিষ্ঠুরতা রোহিঙ্গাদের অনেকে হারিয়েছেন আমানীর মতো স্বামী। কেউ কেউ সন্তান, বাবা-মা, ভাই–বোন। এখন আমানীর মতো অসহায় রোহিঙ্গারা কোথায় যাবেন, কেউ জানে না।