
বোয়ালখালীর ঘাটিয়ালপাড়ার বাসিন্দা জোহরা বেগমের দুচোখে এখন কেবল শূন্যতা। দিন কাটছে ভিটেমাটি হারানোর আতঙ্কে। ভাঙতে ভাঙতে একেবারে কাছে চলে এসেছে নদী। বাকি মাত্র ৫০ গজ। ৩৫ বছরের জীবনে এমন ভাঙন আর দেখেননি। আগেও ভেঙেছে, তবে এমন উন্মত্তভাবে নয়। নিজের হাতে গড়া মরিচখেত গেছে, মাথা গোঁজার ঠাঁইটুকু টিকবে তো? ঘর গেলে স্বামী ও দুই ছেলে নিয়ে তো পথে বসতে হবে। কোথায় যাবেন? কী করবেন—কোনো হিসাবই যেন মিলছে না তাঁর।
শুধু জোহরা নয়, উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া গ্রামের সব মানুষের বসবাস এখন আতঙ্কের মধ্যে। কর্ণফুলী নদীর ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে গ্রামটি। এই বর্ষায় ভেঙেছে প্রায় পাঁচ একর ফসলি জমি। এখন হুমকির মুখে পড়েছে প্রায় ৫০০ পরিবার। এই গ্রামটি উপজেলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এ ছাড়া শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নেও ভাঙছে কর্ণফুলী।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, কালুরঘাট থেকে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী মির্জাখাল পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার কর্ণফুলী নদীর তীর রয়েছে এই উপজেলা ঘেঁষে। এবার বর্ষা দীর্ঘ হওয়ায় ভাঙনও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কর্ণফুলী তীরবর্তী চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া বেড়িবাঁধ সড়কটি ভেঙে বিলীন হয়ে গেছে। স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে নদীর পাড় ধরে। তবে চরণদ্বীপের চৌধুরী খালের মুখ থেকে কধুরখীল জামতল পর্যন্ত অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ব্লক ফেলা হয়েছে। ফলে ওই এলাকায় ভাঙন কম। শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের তিন গ্রাম—জৈষ্ঠ্যপুরা, শ্রীপুর ও খরনদ্বীপে ভাঙনও তীব্র।
চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শোইয়েব রেজা বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে অনেক দেনদরবারের পর এখন বাকি অংশে ব্লক ফেলার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হতে পারে। দ্রুত ব্লক ফেলা না হলে ঘাটিয়ালপাড়া ও বড়ুয়াপাড়া গ্রাম বিলীন হয়ে যাবে।
শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম বলেন, ‘ভাঙন তীব্র আমার ইউনিয়নে। অথচ এখানে ভাঙন রোধে কোনো ব৵বস্থা নেওয়া হচ্ছে না। কারণ এটি সাংসদের (মঈন উদ্দীন খান বাদল) নির্বাচনী এলাকা নয়।’
মোকাররম বলেন, গত এক বছরের ভাঙনে শ্রীপুর-খরনদ্বীপের ৫০ একর জমি ও প্রায় ২০০ পিরবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এর মধ্যে ৪০ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হয়েছে। অন্যদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
এ প্রসঙ্গে সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড যেভাবে পরিকল্পনা করে সেভাবে কাজ হয়। আমার নির্বাচনী এলাকা হোক বা না হোক ভাঙন রোধে সব এলাকায় কাজ করা হবে।’ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, চরণদ্বীপে ভাঙনকবলিত বাকি অংশে অক্টোবর-নভেম্বরে কাজ শুরু হতে পারে। দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে। শ্রীপুর-খরনদ্বীপে কাজ হবে কি না জানতে চাইলে বলেন, কাগজপত্র দেখে বলতে হবে।
এদিকে ভাঙনের জন্য ভাঙনকবলিত এলাকার লোকজন অপরিকল্পিতভাবে বালু তোলাকে দায়ী করেছেন। ঘাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের অভিযোগ, অপরিকল্পিতভাবে কর্ণফুলী থেকে বালু তোলার ফলে বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। বালু তোলা বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। যার খেসারত দিতে হচ্ছে নদীতীরবর্তী বাসিন্দাদের।
সরেজমিন দেখা গেছে, কেবল শ্রীপুর-খরনদ্বীপ এলাকায় চারটি খননযন্ত্র দিয়ে (ড্রেজার) বালু তোলা হচ্ছে। সব মিলিয়ে ২২ কিলোমিটার তীরবর্তী এলাকায় বালু তোলা হচ্ছে অন্তত ১১টি স্থানে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, এলাকার প্রভাবশালী লোকজন বালু তোলার সঙ্গে জড়িত। তাঁরা অনেকে সরকার–সমর্থক হওয়ায় স্থানীয় ভুক্তভোগীরা কার্যত তাঁদের কাছে জিম্মি। অনুমোদন ছাড়া বেশির ভাগ খননযন্ত্র বসানো হয়েছে বলে অভিযোগ তাঁদের।
এ প্রসঙ্গে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘শ্রীপুর-খরনদ্বীপে নদীভাঙন হচ্ছে। বালু তোলার কারণে ভাঙন হতে পারে। অপরিকল্পিত ও বেআইনিভাবে বালু তোলা আমি বন্ধ করব। আমাদের লোকজন নদীর তীরে গিয়ে সব ড্রেজার সরিয়ে দেবে।’