ভাঙছে মাতামুহুরি, আতঙ্কে মানুষ

মাতামুহুরি নদীর চকরিয়া উপজেলার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে মসজিদ, মন্দির, বিদ্যুতের খুঁটিসহ বহু স্থাপনা। আতঙ্কে দিন কাটছে দুই তীরে বসবাসকারী মানুষের।
জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর, কাকারার প্রপার কাকারা, লোটনী ও মাঝেরফাঁড়ি; ফাঁসিয়াখালীর হাজিয়ান, ঘুনিয়া ও দিগর পানখালী; লক্ষ্যারচরের মণ্ডলপাড়া, জালিয়াপাড়া ও শিকলঘাট; কৈয়ারবিলের দিককুল ও খোঁজাখালী; সাহারবিলের বাটাখালী, বিএমচরের বেতুয়া বাজার, পূর্ব বড় ভেওলার আনিসপাড়া, কোনাখালীর মরংঘোনা, পুরইত্যাখালী ও কইন্যারকুম; চিরিঙ্গার সওদাগর ঘোনা ও মাছঘাট এবং চকরিয়া পৌরসভার কাজিরপাড়া, আমানপাড়া, আবদুল বারীপাড়া, চরপাড়া, নামার চিরিঙ্গা ও কোচপাড়া এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে।
সরেজমিনে দেখা যায়, ফাঁসিয়াখালীর দিগর পানখালী এলাকায় মাতামুহুরি ভাঙন বেশি। চলতি বর্ষায় এখানকার তিনটি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাশের ক্ষেত্রপাল মন্দিরের গোড়ার মাটি সরে যাওয়ায় মন্দিরটিও ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় বাসিন্দা চঞ্চলা বালা (৫২) বলেন, ‘নদীর কূল ঘেঁষে ৩০ শতক ফসলি জমি ছিল। মাতামুহুরি ওই জমি গিলে খেয়েছে। এখন বন্যায় বসতভিটার অর্ধেক নদীতে তলিয়ে গেছে। অবশিষ্ট অংশ রক্ষা করা যাবে কি না, সৃষ্টিকর্তাই জানেন।’
দিগর পানখালী ক্ষেত্রপাল মন্দিরের কর্মকর্তা শিবু ধর বলেন, ‘মন্দিরটি শত বছরের পুরোনো। ভাঙতে ভাঙতে মাতামুহুরি নদী এখন মন্দিরের পাশেই চলে এসেছে। চলতি বর্ষায় পাহাড়ি ঢলের ধাক্কায় মন্দিরের গোড়া থেকে মাটি সেও গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে মন্দিরটি বিলীন হয়ে যাবে।’
মাতামুহুরি নদীর ভাঙনে কৈয়ারবিলের দিককুল গ্রাম থেকে উচ্ছেদ হয়ে ইসলামনগরের পাহাড়ে বসবাস করছেন জাহান আলী (৩৬)। তিনি বলেন, ‘২০১২ সালের বন্যায় বসতঘর বিলীন হয়েছে নদীতে। পরে পরিবার পরিজন নিয়ে টং তৈরি করে পাহাড়ে বসবাস করছি।’ তাঁর মতো অনেকে বসতঘর হারিয়ে বেড়িবাঁধের ওপর ও পাহাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘লামা ও আলীকদমের পাহাড়ে নির্বিচারে বৃক্ষ নিধন ও অপরিকল্পিতভাবে বারুদের বিস্ফোরণ ঘটিয়ে পাথর আহরণের কারণে উজান থেকে প্রতি বর্ষায় পাহাড়ি ঢল নামে। এ ঢলের সঙ্গে নেমে আসা পলি জমে নদীর একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে অনেক ডুবোচর। নদীর নাব্যতা হারিয়ে ফেলার কারণে শুরু হয় নদী ভাঙন।’
লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, ‘মাতামুহুরির ভাঙনে বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার ভোল্টের একটি খুঁটি চরম ঝুঁকিতে রয়েছে। বিদ্যুতের এই খুঁটিটি নদীগর্ভে বিলীন হয়ে পড়লে উপজেলায় বিদ্যুতের সংযোগ লাইন বিচ্ছিন্ন হবে।’
বিএমচর ইউপির চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম জানান, বিএমচরের বেতুয়া বাজার এলাকা ভাঙনের কবলে পড়েছে। বাজারের মসজিদটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে।
কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক জানান, মরংঘোনা এলাকার ৩০০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। দুই বর্ষায় অন্তত ২০ বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। জোয়ারের পানিতে ইউনিয়ন পরিষদের মাঠ প্লাবিত হচ্ছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘মাতামুহুরি নদীর ভাঙনের কবলে পড়ে প্রতি বর্ষায় মানুষ উদ্বাস্তু হচ্ছে। গত ১০ বছরে অন্তত ২০ হাজার মানুষ নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি পানিসম্পদ মন্ত্রীকে মাতামুহুরি নদীর ভাঙন এলাকা ঘুরিয়ে দেখিয়েছি। তিনি দ্রুত কয়েকটি প্রকল্পের আওতায় তীর সংরক্ষণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
জানতে চাইলে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘কোনাখালী ইউনিয়নের মরংঘোনার ৩০০ মিটার ওই বেড়িবাঁধসহ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ফোল্ডারের অধীন ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৯ কোটি ৩৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।’