ভাঙছে হালদার পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে হালদা নদীর পাড় ভাঙছে l প্রথম আলো
ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে হালদা নদীর পাড় ভাঙছে l প্রথম আলো

ফটিকছড়ির সুয়াবিলের ভাঙাদীঘির পাড় গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন। পেশায় কৃষক। ওই গ্রামেই ১২ শতক জায়গার ওপর ছিল তাঁর বাড়ি। গত বছর বর্ষায় হালদার ভাঙনে বিলীন হয়ে গেছে ঘর। এখন ভিটা ছেড়ে পাশের সুয়াবিল গ্রামে ভাড়া বাসায় উঠেছেন। শুধু সেলিম নয়, নদীতে ঘর হারিয়ে অন্য স্থানে বসতি গড়েছে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কমপক্ষে অর্ধশত পরিবার।
সুয়াবিল এলাকায় এবারও ভাঙছে হালদা। ভাঙনের ঝুঁকিতে নির্ঘুম রাত কাটাচ্ছে শতাধিক পরিবার। সম্প্রতি পাহাড়ি ঢল ও বর্ষণে ভাঙন তীব্র হয়েছে। গত এক মাসে বেশ কিছু বসতবাড়ি বিলীন হয়ে গেছে হালদায়।
সরেজমিনে দেখা গেছে, ভাঙাদীঘির পাড়, মন্দাকিনী, ব্রাহ্মণহাট, পানাউল্লাহ পাড়া, পূর্ব-সুয়াবিল এলাকায় ভাঙন তীব্র। ব্রাহ্মণহাট ও ভাঙাদীঘি এলাকায় রাস্তাঘাটও বিলীন হয়ে গেছে। এখানকার মানুষের দিন কাটছে আতঙ্কের মধ্যে।
ভাঙনকবলিত পূর্ব-সুয়াবিল গ্রামের হোসনে আরা বেগম (৫৫) বলেন, ‘গত বছর ভাঙনে আমাদের ঘর নদীতে তলিয়ে গেছে। পরে নদী থেকে ২০০ গজ পশ্চিমে আবার তৈরি করেছি। এখন আবার যেভাবে ভাঙন শুরু হয়েছে মনে হয় এই ঘরটি বেশি দিন টিকবে না। এখন বৃষ্টি হলে নির্ঘুম থাকতে হয়।’
পূর্ব-সুয়াবিল গ্রামের বাসিন্দা কাজী মো. নেজাম উদ্দিন বলেন, গত চার বছরে শতাধিক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে হালদা। অনেকে ঘরবাড়ি ছেড়ে এখন অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে।
ভাঙনকবলিত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া মুহাম্মদ জহুর আলম বলেন, ‘এ নিয়ে দুবার হালদার গ্রাসে আমাদের ঘরবাড়ি বিলীন হয়েছে। সহায়–সম্বল সব নদীতে মিশে গেছে। এ গ্রামে বাস করে বেঁচে থাকার কোনো অবলম্বন আর নেই। তাই পাশের নাজিরহাট বাজার এলাকায় আশ্রয় নিয়েছি।’
এলাকাবাসীর দাবি, হালদায় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলার কারণে বিগত দিনগুলোতে ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হয়ে যাবে আরও অনেক বসতঘর।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, হালদার ভাঙনে কয়েকটি গ্রাম বিলীন হতে চললেও প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অথচ বিষয়গুলো একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সভায় অবহিত করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এবারের বন্যায় উপজেলায় কমবেশি সব গ্রামে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে হালদার পাড়ে ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তার বলেন, ‘বন্যায় হালদার পুরোনো বেড়িবাঁধ এবং নতুন ভাঙনকবলিত এলাকা আমি সরেজমিনে দেখেছি। ছোট বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’