ভাঙনে বিলীন জ্যৈষ্ঠপুরা
উত্তরে ভাঙছে কর্ণফুলী নদী, পূর্বে ভাণ্ডালজুড়ি খাল। নদী ও খালের ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামের মানচিত্র। দ্বিমুখী ভাঙনে বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামটি বিলীন হয়ে যাচ্ছে। গ্রামের ১২ হাজার মানুষ ভাঙনের মুখে পড়েছেন। গত ২০ বছরে সহস্রাধিক বাড়িঘর তলিয়ে গেছে। ভাঙন রোধে কর্তৃপক্ষের তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।স্থানীয় রাণীবালা (৮৫) জানান, ‘আমার বাড়িটি তিনবার তলিয়ে গেছে ভাণ্ডালজুড়ি খালে। এবারের বর্ষায় মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভেঙে পড়েছে। নিজের ঘরে মরতে পারবে কি না তা-ও জানি না।’ এলাকাবাসী জানান, কর্ণফুলী নদীর শাখা খাল ভাণ্ডালজুড়ি পটিয়া উপজেলার শ্রীমাই খালে গিয়ে মিশেছে। ২০ বছর আগে ভাঙন শুরু হয়। চার বছর ধরে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বর্ষায় জ্যৈষ্ঠপুরার জেলেপাড়া, ভাণ্ডালজুড়িঘাট, ভারাম্বাঘাট, বড়ুয়াপাড়া ও শেখপাড়ার ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে ভাঙন চলছে। কিন্তু ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’সরেজমিনে দেখা গেছে, মাটির তৈরি ঘরগুলোর এক পাশ নদীতে ভেঙে পড়েছে। কোনো কোনো বাড়ি থেকে খালের দূরত্ব মাত্র দুই-তিন ফুট। এসব বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে থাকেন গৃহস্থরা। জ্যৈষ্ঠপুরার শেখপাড়ার নুরুল হক মেম্বার জানান, তাঁর নিজের বাড়িসহ সুলতান আহমদ, সালামত উল্লাহ, আবদুল হাকিম, গোলজার আহমদ, নুর মোহাম্মদ, আহমুদুর রহমান, নুরুল আমিন, ফজল কাদের, নবী হোসেন, বড়ুয়াপাড়ার সুকুমার, কাজল, বাবুল, সাধন, দুলাল, স্বপন, মনোরঞ্জন, আনন্দমোহন. হরিশচন্দ্র, সচিন্দ্র, শুকলাল বড়ুয়া ও জেলেপাড়ার অধীর জলদাস, সুধীর দাস, মিরা দাস, অবর্ণ দাস, মন্টু দাস, মানিক দাস, শুকলাল চক্রবর্তীর বাড়ি নদী ও খালে তলিয়ে গেছে গত বর্ষায়। ভাঙনের মুখে পড়েছে আরও অর্ধশতাধিক ঘরবাড়ি। নদী ও খালের মোহনা হওয়ায় ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে জ্যৈষ্ঠপুরা জেলেপাড়া। পাড়ার ৩০ পরিবারের দুশতাধিক মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।মানিক দাস বলেন, ‘আমাদের পাড়ার প্রতিটি পরিবার কম-বেশি ভাঙনের শিকার হয়েছেন। অসহায় পরিবারগুলোকে জ্যৈষ্ঠপুরা পাহাড়ের আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হচ্ছে। শেখপাড়া এলাকার জলিল বক্স চৌকিদার, ছকিনা খাতুন বলেন, ‘চোখের সামনে তলিয়ে যাচ্ছে আমাদের বাড়িটি। আল্লাহকে ডেকে আর কেঁদে কেঁদে কাটিয়েছি অনেক রাত।’ শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মোকারম বলেন, স্থানীয় সংসদ সদস্য এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশনায় গত সপ্তাহে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে কখন ব্যবস্থা নেওয়া হবে—এ আশায় আছেন মানুষ।পানি উন্নয়ন বোর্ডের মদুনাঘাট বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নুরুল আবছার আজাদ প্রথম আলোকে বলেন, ৬৫০ মিটার এলাকার ভাঙন রোধে আলাদাভাবে তিনটি প্রকল্প ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।