ভাঙনের কবলে চেঙ্গী ইউনিয়ন কার্যালয়
পূজগাঙ খালের ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়। টিনের ছাউনি দেওয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একতলা পাকা ভবনটির একাংশের মাটি ধসে গেছে খালের ভাঙনে। ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিষদের কর্মকর্তা–কর্মচারীরা।
চেঙ্গী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের অবস্থান পানছড়ি-লোগাং-দুধুকছড়া সড়কের পাশে। ৬০ শতক জায়গার ওপর ভবনটি নির্মিত হয়েছিল ১৯৮৩ সালে। ভবনের পাশ ঘেঁষে প্রবাহিত হওয়া পূজগাঙ খাল প্রতিবছর বর্ষায় পাড় ভাঙছে। বর্তমানে ভাঙনের কবলে পড়েছে চার দশক পুরোনো ভবনটি। ব্যবস্থা না নিলে ভবনটি খালের গর্ভে বিলীন হতে পারে, এমন আশঙ্কা চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।
সরেজমিনে দেখা গেছে, খালের ভাঙনে ভবনের এক পাশের ভিত্তি স্তম্ভ (পিলার) বেরিয়ে এসেছে। ওই অংশের মাটি ধসে পড়েছে খালের গর্ভে। ভবনসংলগ্ন খালপড়ের মাটিও ধসে গেছে।
চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন গত ৭ জুলাই কার্যালয়টি পরিদর্শন করেন। এরপর ভবনটির ঝুঁকির কথা উল্লেখ করে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন জমা দেন।
চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘খালের ভাঙনে যেকোনো সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ধসে যেতে পারে। আমরা খুব ঝুঁকি নিয়ে কাজ করছি। অবশ্য এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন ভবন নির্মাণের নির্দেশনা দিয়েছে। আমরা নতুন একটি জায়গা নির্ধারণ করে ভবন নির্মাণ শুরু করব। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে এলে জায়গা অধিগ্রহণ নিয়ে আলোচনা হবে।’