ভাঙনের মুখে তিন শতাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার চরতি ইউনিয়নের উত্তর তুলাতুলী গ্রামে শঙ্খের ভাঙনে বিধ্বস্ত ঘরে বসে আছেন ওই বাড়ির এক নারী। তীব্র ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে শঙ্খপাড়ের বাসিন্দাদের।  ছবিটি ১৫ অক্টোবর তোলা l প্রথম আলো
সাতকানিয়ার চরতি ইউনিয়নের উত্তর তুলাতুলী গ্রামে শঙ্খের ভাঙনে বিধ্বস্ত ঘরে বসে আছেন ওই বাড়ির এক নারী। তীব্র ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে শঙ্খপাড়ের বাসিন্দাদের। ছবিটি ১৫ অক্টোবর তোলা l প্রথম আলো

সাতকানিয়ার উত্তর তুলাতলী গ্রাম। চরতি ইউনিয়নের শঙ্খ নদের পাড়ের এই গ্রামের বাসিন্দাদের দিন কাটে এখন আতঙ্কে। এই বর্ষায় শঙ্খের ভাঙনে বিলীন হয়ে গেছে ২৫টি বসতঘর, ভাঙনের মুখে আছে আরও ৫০টি।
গ্রামের বাসিন্দা নুরুল হাকিম বলেন, ‘ঘরের অর্ধেক বিলীন হয়েছে শঙ্খে। বাকিটা যেকোনো মুহূর্তে চলে যাবে। মাথা গোঁজার ঠাঁইটুকু হারালে কোথায় যাব, কী করব কিছুই ভাবতে পারছি না। এখন বৃষ্টি হলেই আতঙ্কে থাকি। শুধু আমি না, গ্রামের সবাই ভয়ে ভয়ে দিন পার করছেন।’
চরতির উত্তর তুলাতলী ছাড়াও ভাঙন আতঙ্ক ভর করেছে সাতকানিয়ার শঙ্খপাড়ের আরও ১৪ গ্রামের তিন শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে। প্রতি বছরই নদের ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর ও ফসলি জমি।
১০ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বহাট, জেলেপাড়া, কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া, কাটগড়, পূর্ব কাটগড়, নলুয়া ইউনিয়নের টেন্ডলপাড়া, আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজার, মধ্যম আমিলাইশ, পশ্চিম আমিলাইশ, চরতি ইউনিয়নের উত্তর তুলাতুলী, তুলাতুলী, মধ্যম চরতি, উত্তর ব্রাহ্মণডাঙ্গা, দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা ও দ্বীপ চরতি এলাকার প্রায় আট কিলোমিটার নদের অংশে ভাঙন তীব্র। এসব এলাকায় বসতঘরের পাশাপাশি ভাঙনের মুখে রয়েছে পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপ চরতির ফোরকানিয়া মাদ্রাসা, বিভিন্ন বাজারের ১৫টি দোকান, ফসলি জমি ও বাগান। এদিকে চরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গা-যতরমুখ সড়কটির অন্তত এক কিলোমিটার অংশ নদের বুকে হারিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বছর বর্ষার মৌসুমে নদের ভাঙন তীব্র হয়। তা ছাড়া সারা বছরই জোয়ার-ভাটা ও পানির স্রোতে শঙ্খের পাড় ভাঙছে। নদের ভাঙন রোধে ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
ধর্মপুর জেলেপাড়ার বাসিন্দা সুবল জলদাশ (৩৮) বলেন, ‘আমার চোখের সামনেই কতগুলো ঘর শঙ্খের বুকে বিলীন হয়ে গেছে। আরও ১৫টি ঘরসহ একটি মাজার বিলীন হওয়ার হুমকিতে আছে।’
দ্বীপ চরতি এলাকার বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, কয়েক বছর আগে নিজের বসতঘরসহ ফসলি জমি শঙ্খের বুকে চলে গেছে। গত বছর দ্বীপ চরতি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ, দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, অনেক বসতঘর ও ফসলি জমি নদের বুকে বিলীন হয়ে যায়। শঙ্খের ভাঙন রোধে একাধিকবার জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু আশ্বাসের বাণী ছাড়া কিছুই পাওয়া যায়নি।
মধ্যম আমিলাইশ গ্রামের কৃষক আহমদ হোসেন (৫৯) বলেন, ‘শঙ্খের ভাঙনে আমার পাঁচ কানি ফসলি জমি হারিয়েছি। এখন বসতঘর ও ভিটা ভাঙনের হুমকিতে। বৃষ্টি ও জোয়ার-ভাটার সময় ভয়ে থাকি। ওই সময় শঙ্খের ভাঙন তীব্র হয়।’
চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, শঙ্খের ভাঙনে এ বছর চরতি ইউনিয়নের পাঁচটি গ্রামের অন্তত ৫০টি বসতঘর ও প্রায় দেড় শ একর ফসলি জমি নদের গর্ভে হারিয়ে গেছে। হুমকিতে আছে আরও ১২০টি পরিবার। লোকজন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শঙ্খ নদের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। শঙ্খ ও ঢলু নদের প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এলাকার অতিগুরুত্বপূর্ণ স্থানে আরসিসি ব্লক বসানোর একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে বরাদ্দ পাওয়া সাপেক্ষে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করতে পারব।’
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘সাতকানিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন শঙ্খের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে শঙ্খপাড়ের বাসিন্দাদের স্বপ্নপূরণ হবে।’