ভাঙা কাঠের সেতু নিয়ে বিপদ
আনোয়ারার বোয়ালগাঁও গ্রামের ইছামতি খালে পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। দাবি বাস্তবায়ন তো হয়নি, চার মাস আগে ভেঙে পড়া কাঠের সেতুর সংস্কারও হচ্ছে না। এতে বিপদে পড়েছেন এলাকাবাসী, বিশেষ করে বিদ্যালয়গামী শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সেতুর ওপর দিয়ে। গ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়কে পড়েছে এ সেতু।জানা যায়, আনোয়ারা সদরের এক কিলোমিটার পশ্চিমে ইছামতি খালে ২০ বছর আগে একটি বেসরকারি সংস্থার সহায়তায় স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছিল সেতুটি। যানবাহন না চললেও সেতুর ওপর দিয়ে হেঁটে উপজেলা সদরে যেতেন গ্রামের মানুষ। সেতুটি পাকা করার জন্য স্থানীয় লোকজন জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানান। কিন্তু কাজ হয়নি। আনোয়ারা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর বলেন, ‘আমরা বিভিন্ন বিভাগে ধরনা দিয়েও ফল পাচ্ছি না। চিন্তা করছি সংসদ সদস্যের কাছে সেতুটি মেরামতের আবেদন জানাব।’ স্থানীয় লোকজন জানান, সেতু দিয়ে বোয়ালগাঁও, শোলকাটা, ধানপুরা, শিলাইগড়া গ্রামের তিন শতাধিক শিক্ষার্থী আনোয়ারা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করেন। গ্রামের চার হাজারের বেশি মানুষ বাস করেন। প্রতিদিন কয়েক শ মানুষ এ সেতুর ওপর দিয়ে চলাচল করেন। বর্তমানে সেতুর অবস্থা নাজুক হয়ে পড়েছে। কাঠের পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। বৃদ্ধ ও শিশুরা প্রায় খালে পড়ে যান, অনেকে আহতও হন। শিক্ষক প্রিয়তোষ গুহ বলেন, ‘সেতুর দুরবস্থার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ধস নেমেছে। চার মাস আগে সেতুটি ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।’এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইস্রাফিল আল হারুন বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় বর্তমানে তক্তা দিয়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করে পাকা সেতু নির্মাণের চেষ্টা করা হচ্ছে।’