ভাঙা কালভার্ট, গাড়ি চলে বিলের ওপর দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির যোগীরহাট-কাটিরহাট সড়কের বক্তপুর অংশের কালভার্টটি ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল l প্রথম আলো
ফটিকছড়ির যোগীরহাট-কাটিরহাট সড়কের বক্তপুর অংশের কালভার্টটি ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল l প্রথম আলো

ফটিকছড়ির যোগীরহাট-কাটিরহাট সড়কের বক্তপুর অংশের ভাঙা কালভার্টটি দেড় মাসেও মেরামত করা হয়নি। ফলে ওই কালভার্টের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন গাড়ি চলাচল করছে বিলের ওপরের বিকল্প সড়ক দিয়ে।
সরেজমিনে দেখা গেছে, কালভার্টে হাঁ হয়ে আছে দুটি গর্ত। পাটাতনের নিচেও ফাটল ধরেছে। বিলের ওপরের বিকল্প সড়কে গাড়ি চলাচল করায় সমানে উড়ছে ধুলাবালু। স্থানীয় লোকজনকে চলতে হচ্ছে নাকে কাপড় গুঁজে।
স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) অধিদপ্তরের ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, যোগীরহাট-কাটিরহাট পাকা সড়কের বক্তপুর অংশে স্বাধীনতা–পরবর্তী সময়ে একটি কালভার্ট নির্মাণ করে। এর দৈর্ঘ্য প্রায় ৬০ ও প্রস্থ ১০ ফুট। নিয়মানুযায়ী ওই কালভার্টের ওপর দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ধারণক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে কালভার্টের ওপর দিয়ে সর্বোচ্চ ২০ থেকে ২৫ টন ওজনের ইট, বালু, কাঠবোঝাই ট্রাক-িজপ চলাচল করে। এ কারণে এটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এ কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন বক্তপুর, ধর্মপুর, আবুল্লাহপুর, জাফতনগর, সমিতিরহাট, নিশ্চিন্তাপুর ও নানুপুর এলাকার যানবাহন চলাচল করে।
স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে কালভার্টে ফাটল দেখা দেয়। তখন এলজিইডি কর্তৃপক্ষ সেখানে দুটি লোহার পাটাতন বসিয়ে জোড়াতালি দিয়ে কালভার্টটি সংস্কার করে। সঠিকভাবে সংস্কার না করায় কালভার্টের ওপর বসানো পাটাতন গাড়ি চলাচলের সময় বেঁকে যায়। ফলে পাটাতনের মাঝখানে বড় ফাটল দেখা দেয়। ক্রমে এসব ফাটল বড় হয়ে গর্ত হয়ে যায়। ফলে গত ডিসেম্বর মাসের শুরু থেকে কালভার্টের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
জিপের (চাঁদের গাড়ি) চালক মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘দুই মাস ধরে রাস্তা বাদ দিয়ে বিলের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। এতে প্রতিদিন গাড়ির একাধিক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ তিনি বলেন, বর্ষা শুরু হলে চলাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তখন ভোগান্তি আরও বাড়বে।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসমলাম বলেন, কালভার্টটি পুনর্নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে কয়েকবার জানানো হয়েছে। বিষয়টি উপজেলার সমন্বয় সভায়ও তোলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, তহবিল সংকটের কারণে কালভার্টের পুনর্নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।
উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, স্থানীয় লোকজনের চাহিদার ভিত্তিতে কালভার্ট পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র (ডিও) পাঠানো হয়েছে।