সারা দিন প্রবল বর্ষণ, সঙ্গে বজ্রপাত। এমন দুর্যোগপূর্ণ পরিবেশেও কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে ছয় শতাধিক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীর উপস্থিতি ছাপিয়ে যায় সবকিছু। তাদের মধ্যে উচ্ছ্বাস আর সাফল্যের স্বীকৃতি পাওয়ার আনন্দ। কিন্তু এ আনন্দের মধ্যে ক্ষণিকের জন্য সবার চোখ ভিজে যায় চার অদম্য মেধাবীর সংগ্রামের কাহিনি শুনে। গত শুক্রবার প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসে তারা। তাদের কথা শুনে অতিথি আর অভিভাবকেরা বলেন, ‘এ তো ভাঙা ঘরে চাঁদের আলো’।বর্গাচাষি কবির আহমদের ছেলে মোহাম্মদ জোবাইর। দিনের বেলায় মাঠে মজুরি আর রাতে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়েছে। খেয়ে না খেয়ে, প্রতিবেশীদের দেওয়া পুরোনো কাপড় পরে, খালি পায়ে হেঁটে গেছে স্কুলে। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী কলেজে ভর্তি ও বই কেনার জন্য মোহাম্মদ জোবাইরের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিলে মুহূর্তে জোবাইরের মুখে হাসি ফোটে। শুধু জোবাইর নয়, শত বাধা পেরিয়ে মেধার পরিচয় দিয়েছে কাউছার হামিদ, উম্মে হাফসা ও সায়মা হকও। সবার চোখে এখন স্বপ্ন লেখাপড়া শেষ করে অভাব জয়ের। তাদের কলেজে ভর্তির জন্য দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে।কাউছার হামিদ: কক্সবাজার শহরতলীর ঘোনারপাড়া পাহাড়ের ওপর এক খণ্ড সরকারি জমিতে ছোট্ট মাটির ঝুপড়ি ঘরে মা আর ভাইকে নিয়ে থাকেন কাউছার হামিদ। জন্মের কয়েক মাস পর থেকে কাউছার বাবাকে দেখেনি। মা নাসিমা আকতার শহরের একটি উচ্চবিদ্যালয়ে আয়ার কাজ করে মাসে বেতন হিসেবে যে আড়াই হাজার টাকা পান, তা দিয়ে সংসার চলে না।তাই খেয়ে না খেয়ে কাউছার হামিদকে অনেক দূর পথ হেঁটে স্কুলে যেতে হয়েছে। লেখাপড়ার জন্য কাগজ-কলম, কাপড়চোপড় দিয়েছেন স্কুলের শিক্ষকেরা। কাউছার এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার প্রিপারেটরি উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে। উম্মে হাফছা: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের উম্মে হাফছার অবস্থাও তাই। ১১ বছর আগে বাবা মারা গেলে সংসারে অভাব দেখা দেয়। সাংসারের হাল ধরতে তখন দুই ভাইকে লেখাপড়া বাদ দিয়ে নামতে হয় দিনমজুরিতে। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে পড়ালেখা চালিয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় রামু বালিকা উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সামিয়া হক : এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। সে কানিজ ফাতেমা সামিয়া হক। কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া গ্রামে তার বাড়ি। বাবা মো. জুনাইদুল হক পেশায় বর্গাচাষি, মা শাহিদা পারভিন গৃহিণী। সামিয়া বলে, ‘চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা টাকা দিয়ে ফরম পূরণের সুযোগ করে না দিলে আমার এসএসসি পরীক্ষাটাও দেওয়া হতো না। বোর্ড সেরা হওয়ার স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। প্রথম আলোর এই অনুষ্ঠানে এসে সংবর্ধিত হওয়ার সুযোগ পেতাম না। এখন কলেজে ভর্তি ও বই কেনার পাঁচ হাজার টাকা দিয়ে প্রথম আলো আমার টেনশন দূর করেছে।’