ভাঙা ঘরে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ শ্রেণীকক্ষে চলছে পাঠগান l প্রথম আলো
রাঙামাটি ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ শ্রেণীকক্ষে চলছে পাঠগান l প্রথম আলো

টিনের চালায় ফুটো। বৃষ্টি হলেই পানি পড়ে। দরজা-জানালা ভাঙাচোরা। ছিন্নভিন্ন মেঝে। হাঁটতে গেলে হোঁচট খেতে হয়। এ অবস্থায় পাঠদান চলছে রাঙামাটির মগবান ইউনিয়নের ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি কাপ্তাই হ্রদ থেকে আনুমানিক এক হাজার ৫০০ ফুট উচ্চতায় ডলুছড়ি মোনপাড়ায় গিয়ে বিদ্যালয়টির এই বেহাল অবস্থা দেখা গেছে।
মোনপাড়ার বাসিন্দা হিরালাল তঞ্চঙ্গ্যাসহ (৬০) জানান, কাপ্তাই বাঁধের পানিতে উদ্বাস্তু হয়ে সেখানে বসতি স্থাপনের পর ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল। তখন এখানে অর্ধশতাধিক পরিবার ছিল। পরবর্তী সময়ে ১৯৮০ সালের প্রথম দিকে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী আরও কয়েকটি পাড়াসহ ডলুছড়ি মোনপাড়ার লোকজনকে কাপ্তাই হ্রদের পাশে যৌথ খামার নাম দিয়ে সেখানে জড়ো করে। পরে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে লোকজনের চলাচলের ওপরও নজরদারি শিথিল করা হয়। ওই সময় ১৯৯৭ সালে ১৫ পরিবার যৌথ খামার ছেড়ে পুরোনো ডলুছড়ি মোনপাড়ায় চলে আসে। একই বছর বিদ্যালয়টি পুনর্নির্মাণ করে পুনরায় চালু করা হয়। এরপর থেকে এটি আর সংস্কার করা হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চাকমা জানান, বিদ্যালয়ের আওতাধীন এলাকার মধ্যে আরও একটি গ্রাম আছে। তবে ওই গ্রামের সব শিশু পাশের অপর একটি বিদ্যালয়ে যায়। তবে ডলুছড়ি মোনপাড়া ও সাপছড়ি মোনপাড়ার সব শিশু এই বিদ্যালয়ে আসে। কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে তাঁর দৃষ্টি রয়েছে। বছরের শুরুতে তাঁরা ওই দুই পাড়ায় গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেলেমেয়েদের বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য উৎসাহ দেন।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, বিদ্যালয়টির অবস্থা আমার জানা আছে। তাই বিদ্যালয়টি পুনর্নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। প্রকল্পের টাকা পাওয়া গেলে নতুন ভবন নির্মাণকাজ শুরু হবে।